নায়িকা ববিকে চার ভরি স্বর্ণ হস্তান্তরের নির্দেশ আদালতের

চিত্রনায়িকা ইয়ামিন হক ববির বাসা থেকে চুরি যাওয়া মালামালের মধ্যে উদ্ধারকৃত চার ভরি স্বর্ণ তাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন আদালত।
আজ ১৫ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত এই নির্দেশ প্রদান করেন। বর্তমানে এই স্বর্ণলঙ্কার ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজতে রয়েছে।
মামলার বিবরণ ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৬ মে ববির বাসায় চুরির ঘটনা ঘটে। এ সময় নগদ অর্থ, স্বর্ণালঙ্কারসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী লুট করে নিয়ে যায় আসামি ফারুক ও তার সহযোগীরা। পরবর্তীতে পুলিশ আসামি ফারুককে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে এই চার ভরি স্বর্ণ উদ্ধার করে।
এ বিষয়ে চিত্রনায়িকা ববি বলেন, আদালত উদ্ধার হওয়া চার ভরি স্বর্ণ আমাকে হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। ডিবি পুলিশ বাকি মালামাল উদ্ধারের চেষ্টা চালাচ্ছে। দেশের আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আমার পূর্ণ আস্থা রয়েছে। গোয়েন্দা পুলিশও আমাকে বাকি স্বর্ণ ও অর্থ উদ্ধারের আশ্বাস দিয়েছে। আশা করি, আমার পরিবারের স্মৃতিবিজড়িত অলঙ্কারগুলো আমি ফেরত পাব।




