সালমান শাহ হত্যার প্রকৃত খুনির বিচার চান জয়

চিত্রনায়ক সালমান শাহের মৃত্যুর রহস্যের সুষ্ঠু ও চূড়ান্ত নিষ্পত্তি চান উপস্থাপক, অভিনেতা ও নির্মাতা শাহরিয়ার নাজিম জয়। তবে বিচার করতে গিয়ে যেন নির্দোষ কেউ সামাজিকভাবে হেনস্তার শিকার না হন, সে বিষয়টিও বিবেচনায় রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (১০ আগস্ট) নিজের ফেসবুক পোস্টে সালমান শাহ হত্যার বিচার প্রসঙ্গে নিজের অবস্থান তুলে ধরেন জয়।
তিনি লিখেছেন, ‘সালমান শাহ হত্যার বিচার আমি চাই। এমনভাবে বিচার করেন যেন আর কোনো প্রশ্ন না থাকে। এমনভাবে বিচার করেন যেন বারবার বিচার করতে না হয়। এমনভাবে বিচার করেন, যদি সে খুন হয়ে থাকে, সব খুনি যেন ধরা পড়ে।’
তবে মামলায় আলোচিত ব্যক্তিদের বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও অভিযোগের প্রেক্ষাপটে সতর্ক থাকার কথাও বলেছেন জয়। তার ভাষ্য, ‘বিচারে যদি সামিরা, ডন কিংবা বর্তমানে আলোচনায় আসা শাবনূর নির্দোষ প্রমাণিত হয়, তাহলে তাদেরকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করে যে হেনস্তা করা হচ্ছে, তার প্রতিকার কী হবে সেটাও বিবেচনায় রাখতে হবে।’
সালমান শাহের মৃত্যুর ঘটনায় প্রায় ২৯ বছর পর ২০২৫ সালের অক্টোবরে নতুন করে আইনি প্রক্রিয়া শুরু হয়। ২০ অক্টোবর ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত সালমান শাহের মৃত্যুর ঘটনায় করা আগের অপমৃত্যু মামলাটি হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন। পরদিন তার মামা মোহাম্মদ আলমগীর কুমকুম রমনা থানায় ১১ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
মামলায় সালমান শাহের সাবেক স্ত্রী সামিরা হক, ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, অভিনেতা ডনসহ ১১ জনের নাম রয়েছে। পরে মামলার দুই আসামি সামিরা হক ও অভিনেতা ডনের দেশত্যাগে নিষেধাজ্ঞাও দেওয়া হয়।
তবে মামলার তদন্ত প্রতিবেদন এখনও জমা পড়েনি। সর্বশেষ গত ২৩ জুলাই ঢাকার একটি আদালত তদন্ত প্রতিবেদন দাখিলের সময় আবারও পিছিয়ে ৩০ আগস্ট নির্ধারণ করেছেন। এটি ছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য অষ্টমবারের মতো সময় বাড়ানো।
এদিকে সালমান শাহের মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শাবনূরকে ঘিরেও নানা আলোচনা ও অভিযোগ ছড়িয়েছে। তবে ২০২৫ সালের ২০ অক্টোবর করা হত্যা মামলায় শাবনূরের নাম আসামি হিসেবে নেই। শাবনূর এসব অভিযোগের প্রতিবাদ করে তাকে হেয়প্রতিপন্ন ও ফাঁসানোর ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন এবং সালমান শাহের মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।
জয় তার পোস্টে আরও বলেন, সালমান শাহকে তিনি ভালোবাসেন বলেই তার নিজের কথায় হত্যার সম্ভাবনার বিষয়টি উঠে এসেছে। তিনি লিখেছেন, ‘আমি আপনাকে দেখতে পারি না, তার মানে আপনি খুনি এটা সঠিক নয়।’
নিজের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে জয় জানান, সালমান শাহ হত্যার বিষয়ে তিনি সংশ্লিষ্ট অনেকের সাক্ষাৎকার নিয়েছেন। তার কথায়, ‘সালমান শাহ হত্যা নিয়ে আমি সবার ইন্টারভিউ করেছি এবং আমার কথায় পরিষ্কার ফুটে উঠেছিল এটি হত্যা হতেও পারে, কারণ আমি এই প্রিয় নায়ককে ভালোবাসি। ঠিক আপনারা যেভাবে বাসেন।’
জনপ্রিয়তা পাওয়ার মতো একটি পোস্ট দেওয়ার সুযোগ থাকলেও তিনি বরং বাস্তবতার দিকটি তুলে ধরেছেন বলেও জানান জয়। তার মতে, এই ঘটনায় আবেগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রত্যেক মানুষের কথাও বিবেচনায় নেওয়া জরুরি।
সবশেষে তিনি বলেন, ‘সবার কথাই ভাবতে হবে, সবাই মানুষ। এর ভেতর অপরাধীকে আলাদা করতে হবে। প্রকৃত খুনির চেহারা বের হয়ে আসুক। বাকিরা শান্তি পাক।’
প্রায় তিন দশক ধরে সালমান শাহের মৃত্যু নিয়ে চলা রহস্যের অবসান ঘটাতে এখন তদন্ত প্রতিবেদন ও পরবর্তী আইনি প্রক্রিয়ার দিকেই তাকিয়ে তার পরিবার, ভক্ত ও চলচ্চিত্র অঙ্গন।
.png)

