আমেরিকার স্থায়ী বাসিন্দা অমিত-শাকিব

ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় নায়ক অমিত হাসান। শুধু নায়কই নয়, চলচ্চিত্র ক্যারিয়ারে কাজ করেছেন খলনায়ক চরিত্রেও। দুই চরিত্রেই সমানভাবে জনপ্রিয়তা পেয়েছেন তিনি।
একসময়ের দর্শকপ্রিয় এই নায়ক বর্তমানে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দা। দীর্ঘদিন ধরেই তিনি আমেরিকায় বসবাস করছেন। ২০২৩ সাল থেকে অমিত হাসান ও তার পরিবার যুক্তরাষ্ট্রের গ্রিনকার্ড লাভ করেন।
একইসঙ্গে ঢালিউডের আরেক জনপ্রিয় নায়ক শাকিব খানও ২০২২ সালে গ্রিনকার্ডের অনুমোদন পেয়েছেন বলে নিশ্চিত করেছেন অমিত হাসান।
এ বিষয়ে অমিত হাসান বলেন, চলচ্চিত্র নায়কদের মধ্যে সর্বপ্রথম আমি ও শাকিব খান আমেরিকায় স্থায়ীভাবে বসবাসের জন্য গ্রিনকার্ডের অনুমোদন পাই। এরপর থেকেই বাংলাদেশ ও আমেরিকার মধ্যে যাতায়াত করছি। শুটিং থাকলে দেশে আসি, কাজ না থাকলে পরিবারের কাছে আমেরিকায় ফিরে যাই।’
জানা গেছে, ২০১৪ সালে প্রথমবার স্বল্প সময়ের জন্য আমেরিকায় যান অমিত হাসান। এরপর ২০১৭ সালে স্ত্রী ও সন্তানসহ অবকাশযাপনের উদ্দেশ্যে আবারও যুক্তরাষ্ট্রে যান তিনি। পরবর্তীতে সন্তানদের পড়াশোনার কথা মাথায় রেখে পরিবারসহ সেখানে স্থায়ীভাবে বসবাসের পরিকল্পনা নেন।
সেই পরিকল্পনা অনুযায়ী গ্রিনকার্ডের জন্য আবেদন করেন তিনি ও তার পরিবারের সদস্যরা। দীর্ঘ প্রক্রিয়া শেষে ২০২৩ সালে স্পেশাল ক্যাটাগরি (ইবি-১) ভিসার আওতায় অমিত হাসান, তার স্ত্রী ও কন্যাসন্তান গ্রিনকার্ডের অনুমোদন পান।
এদিকে ঢাকাই সিনেমার বর্তমান সময়ের মেগাস্টার শাকিব খান নতুন নতুন কাজ নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন। বর্তমানে ‘প্রিন্স’ ছবির শুটিং করছেন শ্রীলঙ্কায়। এই সিনেমায় কলকাতার অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু অভিনয় করছেন তার বিপরীতে। আরও আছেন তাসনিয়া ফারিণ।