‘চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি’ এমন কথা বলিনি: পপি

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ফটোকার্ডের বক্তব্যকে কেন্দ্র করে ফের আলোচনায় চিত্রনায়িকা সাদিকা পারভীন পপি। ফটোকার্ডে তার নামে দাবি করা হয়, চলচ্চিত্রে অভিনয় করে ‘পাপ’ করেছেন তিনি এবং মৃত্যুর আগে সেই পাপ ‘ধুয়েমুছে’ যেতে চান। তবে এমন কোনো কথা তিনি বলেননি বলে দাবি করেছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ফেসবুকে ছড়িয়ে পড়া ওই ফটোকার্ডে লেখা হয়, ‘যতটা পাপ কামিয়েছি, তার সবটা ধুয়েমুছে সুন্দরভাবে মরতে চাই।’ বিষয়টি নজরে আসার পর এর প্রতিবাদ করেন পপি। তার ভাষ্য, কোনো ধরনের যাচাই ছাড়াই সম্পূর্ণ মনগড়া একটি বক্তব্য তার নামে প্রচার করা হয়েছে।
পপি বলেন, চলচ্চিত্রে অভিনয় করে তিনি সুনাম, সম্মান, রাষ্ট্রীয় স্বীকৃতি ও দর্শকের ভালোবাসা পেয়েছেন। ফলে অভিনয় কিংবা চলচ্চিত্রকে কখনোই পাপ হিসেবে দেখেননি তিনি। বরং প্রায় তিন দশকের চলচ্চিত্রজীবন নিয়ে গর্বিত এই অভিনেত্রী।
নিজের বক্তব্যের ব্যাখ্যা দিতে গিয়ে পপি বলেন, ‘আমি আমার বক্তব্যে একবারের জন্যও বলিনি যে চলচ্চিত্রে অভিনয় করে পাপ করেছি। মানুষ কি তার নিজের ভুল বা ভুলত্রুটির জন্য সৃষ্টিকর্তার কাছে ক্ষমা চাইতে পারে না?’
তিনি আরও বলেন, ‘আমরা জেনে-না জেনে বহু ভুল করি, সেগুলোর জন্য আল্লাহর কাছে মাফ চাওয়া কি অন্যায়? আমার জীবনের কোনো ভুলের জন্য ক্ষমা চেয়ে যদি সংসার নিয়ে শান্তিতে থাকতে পারি, তবে তা নিয়ে জলঘোলা করার তো কিছু দেখি না।’
চলচ্চিত্রের প্রতি নিজের ভালোবাসার কথাও স্পষ্ট করেন পপি। তার ভাষায়, যে শিল্প তাকে যশ, খ্যাতি ও সম্মান এনে দিয়েছে এবং যে মাধ্যমে কঠোর পরিশ্রম করে উপার্জন করেছেন, সেই চলচ্চিত্রকে ছোট করার প্রশ্নই আসে না। সিনেমাকে তিনি এখনো মন থেকে ভালোবাসেন ও শ্রদ্ধা করেন।
চলচ্চিত্রে কাজের সঙ্গে যুক্ত মানুষের উপার্জন নিয়েও নিজের অবস্থান পরিষ্কার করেন পপি। তার মতে, একটি সিনেমা নির্মাণের পেছনে অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু করে পরিচালক, প্রযোজক, টেকনিশিয়ানসহ প্রত্যেককে কঠোর পরিশ্রম করতে হয়। তাই চলচ্চিত্রের মানুষের আয়কে ‘পাপ’ বা অন্যায়ের সঙ্গে যুক্ত করার সুযোগ নেই।
অভিনেত্রী জানান, দেশের কিংবদন্তি শিল্পীদের সঙ্গে কাজ করার সুযোগ তার চলচ্চিত্রজীবনের অন্যতম বড় অর্জন। রাজ্জাক, আলমগীর, কবরী, শাবানাসহ বহু গুণী শিল্পী, পরিচালক, প্রযোজক ও কলাকুশলীর সঙ্গে কাজ করেছেন তিনি। তার কাছে চলচ্চিত্রের মানুষগুলো একটি পরিবারের মতো।
এদিকে পপির নামে ছড়িয়ে পড়া ফটোকার্ডটি শেয়ার করেছিলেন অভিনয়শিল্পী ও উপস্থাপক শাহরিয়ার নাজিম জয়। পরে সেখানে মন্তব্য করেন চিত্রনায়ক বাপ্পারাজ। তাদের প্রতিক্রিয়ায় কষ্ট পেয়েছেন বলে জানান পপি। তার অভিযোগ, বক্তব্যটির সত্যতা যাচাই না করেই সেটিকে সত্য ধরে নিয়ে মন্তব্য করা হয়েছে।
পপি বলেন, পরিবারকে ঘিরে অতীতে কিছু অভিমান থেকে তিনি কিছু কথা বলেছিলেন। অভিনয়জীবনে পরিবারের জন্য অনেক ত্যাগও করেছেন। কিন্তু সেই কথাগুলোকে ভিন্ন অর্থে উপস্থাপন করে তাকে অপমানের চেষ্টা করা হচ্ছে বলে মনে করেন তিনি।
বর্তমানে অভিনয়ে নিয়মিত না থাকলেও নিজের দীর্ঘ ক্যারিয়ার নিয়ে আক্ষেপ নেই পপির। তার মতে, একজন শিল্পী রাতারাতি তৈরি হন না; দীর্ঘদিনের পরিশ্রম, কষ্ট ও ত্যাগের মধ্য দিয়েই একজন শিল্পীর অবস্থান তৈরি হয়। তাই কাজ থেকে দূরে থাকলেও এত বছরের অর্জন মুছে যায় না।
তবে ভবিষ্যতে পছন্দসই গল্প পেলে আবারও ক্যামেরার সামনে দাঁড়ানোর আগ্রহ রয়েছে তার। বিশেষ করে নিজের জীবন বা বায়োগ্রাফি নিয়ে নির্মিত কোনো সিনেমায় অভিনয়ের ইচ্ছা প্রকাশ করেছেন পপি। পাশাপাশি ভবিষ্যতে নিয়মিত অভিনয়ে না ফিরলেও প্রযোজক হিসেবে চলচ্চিত্রে ফেরার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।
ভক্ত ও সহকর্মীদের উদ্দেশে পপির অনুরোধ, তার নামে ছড়িয়ে পড়া কোনো বক্তব্য যাচাই না করে যেন কেউ বিশ্বাস না করেন। তার কাছে চলচ্চিত্র এখনো ভালোবাসা, সম্মান ও দীর্ঘ পরিশ্রমের একটি অধ্যায়।


