logo

মহাষ্টমীতে লাল পাড়ের সাদা শাড়িতে পূজার স্নিগ্ধ সাজ

মহাষ্টমীতে লাল পাড়ের সাদা শাড়িতে পূজার স্নিগ্ধ সাজ
মহাষ্টমীতে পূজা চেরি। ছবি: অভিনেত্রীর ফেসবুক থেকে

শারদীয় দুর্গাপূজার আনন্দে মেতে উঠেছেন হিন্দু ধর্মাবলম্বীরা। উৎসবের এই আমেজ ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যেও। কেউ মণ্ডপে ঘুরছেন, কেউ আবার সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিচ্ছেন পূজার বিশেষ মুহূর্ত। সেই তালিকায় রয়েছেন অভিনেত্রী পূজা চেরিও। মহাষ্টমীতে লাল পেড়ে সাদা শাড়িতে সেজে ভক্তদের নজর কেড়েছেন তিনি।

পূজার প্রথম দিন থেকেই নিয়মিত মণ্ডপে ঘুরছেন এই অভিনেত্রী। সপ্তমীতে বনানীর আলোচিত একটি পূজামণ্ডপে গিয়েছিলেন তিনি। সেখানকার ছবি ফেসবুকে প্রকাশের পর এবার মহাষ্টমীর সাজে ধরা দিলেন পূজা।

সোমবার রাতে নিজের ফেসবুক পেজে একগুচ্ছ ছবি পোস্ট করেন অভিনেত্রী। ছবিতে দেখা যায়, লাল পেড়ে সাদা শাড়ি পরেছেন তিনি। শাড়িতে রয়েছে ছোট ছোট নকশা। হাতে চুড়ি, গলায় হালকা গয়না। খুব বেশি জাঁকজমক না থাকলেও সাবলীল সাজে আলাদা করে নজর কেড়েছেন ‘পোড়ামন ২’ সিনেমার এই অভিনেত্রী।

ছবিগুলো দেখে মনে হচ্ছে, মহাষ্টমীতে গ্রামের কোনো পূজামণ্ডপে গিয়েছিলেন পূজা। বাড়ির ভেতরে তৈরি মণ্ডপের পাশাপাশি একটি পুকুরের সামনেও ছবি তুলেছেন তিনি। উৎসবের পরিবেশে তোলা ছবিগুলো প্রকাশের পর ভক্তদের কাছ থেকেও মিলেছে নানা প্রশংসাসূচক মন্তব্য।

ছবির ক্যাপশনে পূজা লিখেছেন, ‘আজ অষ্টমীর পবিত্র প্রভাতে মায়ের চরণে অঞ্জলি দিয়ে প্রার্থনা-সকল দুঃখের অবসান হোক, সকল অন্ধকার আলোয় মুছে যাক, আর প্রতিটি হৃদয়ে জেগে উঠুক নতুন আশার দীপশিখা। মায়ের চরণে অর্পিত হোক একমুঠো ফুল, একরাশ বিশ্বাস আর পৃথিবীর সকলের মঙ্গলকামনা। সকলকে জানাই শুভ মহাষ্টমীর আন্তরিক শুভেচ্ছা।’

এদিকে বড় পর্দায় পূজা চেরিকে সর্বশেষ দেখা গেছে কোরবানির ঈদে মুক্তি পাওয়া ‘মাসুদ রানা’ সিনেমায়। সৈকত নাসির পরিচালিত সিনেমাটির শুটিং অবশ্য হয়েছিল আরও আগে। গত কয়েক মাসে নতুন কোনো সিনেমায় যুক্ত হওয়ার খবর জানাননি অভিনেত্রী। এর মধ্যে তার ব্যক্তিগত জীবন, সম্পর্ক ও বিয়ে নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে।