ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে সিয়াম

২০১৮ সালে ‘পোড়ামন ২’ সিনেমার মাধ্যমে নির্মাতা হিসেবে অভিষেক হয় রায়হান রাফীর। একই সিনেমায় বড় পর্দায় অভিষেক ঘটে অভিনেতা সিয়াম আহমেদের। সময়ের সঙ্গে দুজনই চলচ্চিত্রে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছেন। একসঙ্গে কাজ করেছেন একাধিক আলোচিত সিনেমায়। এবার আট বছর পর নতুন এক স্বপ্ন পূরণের যাত্রায়ও রাফীর সঙ্গী সিয়াম।
রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’-এ কেন্দ্রীয় চরিত্র ডিটেকটিভ দেলোয়ারের ভূমিকায় অভিনয় করেছেন সিয়াম আহমেদ। মুক্তির অপেক্ষায় থাকা ভৌতিক গল্পের এই সিনেমার বিভিন্ন চরিত্রের লুক প্রকাশ করছেন নির্মাতা। বৃহস্পতিবার (১৩ আগস্ট) প্রকাশ করা হয়েছে ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে সিয়ামের লুক।
চরিত্রটি নিয়ে নিজের ভাবনার কথা জানিয়ে ফেসবুক পোস্টে রাফী লিখেছেন, তিনি সবসময় তার সিনেমার নায়কদের আলাদা আলাদা বৈশিষ্ট্যের মানুষ হিসেবে তুলে ধরার চেষ্টা করেন। ‘পোড়ামন ২’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ ও ‘তাণ্ডব’-এর নায়কদের মধ্যে কোনো মিল নেই বলেও উল্লেখ করেন তিনি।
রাফীর ভাষায়, এতদিন একেবারে ‘ক্লাসিক হিরোয়িক’ চরিত্র নিয়ে কাজ করার সুযোগ হয়নি তার। ‘আন্ধার’ তাকে সেই সুযোগ দিয়েছে। নির্মাতা বলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে এমন একজন নায়ক দরকার, যে শার্লক হোমস কিংবা ব্যাটম্যানের মতো অশুভ শক্তির বিরুদ্ধে লড়বে। যে কোনো ব্যক্তিগত লাভ বা প্রতিশোধের জন্য নয়, শুধু মানুষ বিপদে পড়েছে বলেই তার পাশে দাঁড়াবে।
রাফীর মতে, এ ধরনের চরিত্র বাংলাদেশের গল্পে খুব একটা দেখা যায় না। ‘আন্ধার’ করতে গিয়ে তার মনে হয়েছে, দেশের চলচ্চিত্রে এমন নায়কের প্রয়োজন রয়েছে। আর সেই চরিত্রের জন্য সিয়াম আহমেদকেই উপযুক্ত মনে হয়েছে তার।
ডিটেকটিভ দেলোয়ার চরিত্রে অভিনয়ের জন্য সিয়ামকে বেছে নেওয়ার আগে আরও অনেক অভিনেতার কথা ভেবেছিলেন রাফী। তবে শুটিং শেষ হওয়ার পর তার মনে হয়েছে, দেলোয়ার চরিত্রটির সঙ্গে সিয়াম এতটাই মিশে গেছেন যে এখন এই ভূমিকায় অন্য কাউকে কল্পনাই করতে পারছেন না।
রাফী আরও বলেন, “আমার বিশ্বাস, সিয়াম তার সবটুকু দিয়ে ডিটেকটিভ দেলোয়ারকে জীবন্ত করে তুলেছে। শুটিংয়ের আগে এই চরিত্রে অনেককেই ভেবেছি। কিন্তু শুটিং শেষ হওয়ার পর মনে হয়েছে- দেলোয়ার মানেই সিয়াম। এখন এই চরিত্রে অন্য কাউকে কল্পনাই করতে পারি না।”
এ বিষয়ে অভিনেতা সিয়াম আহমেদ বলেন, “একজন অভিনেতার জীবনে মাঝে মাঝে এমন কিছু চরিত্র আসে যেগুলো একইসাথে খুব ডিমান্ডিং অ্যান্ড ডেলিশিয়াস হয়। যে চরিত্রে সুযোগ থাকে নিজেকে বহুরূপী বানানোর। যেখানে চাইলেই সিয়াম আহমেদ হয়ে যেতে পারে ডিটেক্টিভ দেলোয়ার। রায়হান রাফী, সাকিব ভাই, আদনান ভাইরা যেভাবে দেলোয়ারকে পর্দায় দেখতে চেয়েছেন সেভাবে আমি ফুটিয়ে তুলতে পেরেছি কীনা আমি জানিনা। কিন্তু আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করেছি এটা আমি জানি। আমার চরিত্র পেশায় ডিটেক্টিভ কিন্তু রহস্যের এই মায়াজগতে আমার নিজেরও একটা 'আন্ধার' জগত আছে। আন্ধার আসছে, আসছে ডিটেক্টিভ দেলোয়ার।”
‘আন্ধার’-এর গল্প লিখেছেন ব্যান্ড তারকা সাইদুস সালেহীন খালেদ সুমন (বেজবাবা সুমন) ও শাকিব চৌধুরী। সিনেমাটিতে সিয়ামের সঙ্গে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, নাজিফা তুষি, গাজী রাকায়েত, আফসানা মিমিসহ আরও অনেকে।
সিনেমাটি ভৌতিক, থ্রিলার ও অতিপ্রাকৃত গল্পের আবহে নির্মিত হয়েছে। চলতি বছরের শেষ দিকে ‘আন্ধার’ মুক্তি পেতে পারে বলে জানা গেছে।


