logo

মুন্না খান একের পর এক মিথ্যাচার করছে: ববি

মুন্না খান একের পর এক মিথ্যাচার করছে: ববি
bobby_final

এবারের ঈদে মুক্তি পেয়েছে তছনছ নামের একটি সিনেমা। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটিতে অভিনয় করেছেন ঢালিউড নায়িকা ইয়ামিন হক ববি। তার বিপরীতে রয়েছেন মুন্না খান।

জানা গেছে, ঈদে মাত্র ১০টি হলে মুক্তি পেয়েছে সাড়ে তিন কোটি টাকা বাজেটের সিনেমাটি। গত ২৬ মে তছনছের সংবাদ সম্মেলনের আয়োজন করেন নায়ক মুন্না। কিন্তু সেখানে উপস্থিত হননি নায়িকা ববি।

এরপর থেকেই মুন্না ববির বিরুদ্ধে একের পর এক অভিযোগ করে যাচ্ছেন। নায়িকার কারণেই নাকি তার সিনেমার ভরাডুবি হতে যাচ্ছে। ববি কেন সংবাদ সম্মেলনে এলেন না এ নিয়ে ফিল্ম ইন্ডাস্ট্রির সব সমিতিতে বিচার দেবেন তিনি। যদি ববির বিচার না হয়, তাহলে সিনেমা নির্মাণ করবেন না বলে ঘোষণা দিয়েছেন মুন্না। এখানেই শেষ না, সমিতিতে বিচার না পেলে মুন্না আদালতে যাবেন বলেও হুমকি দিয়েছেন।

মুন্নার এমন কথা প্রসঙ্গে ববিকে প্রশ্ন করলে তিনি বলেন, আমি সিনেমার শিল্পী হিসেবে অভনয় করেছি। কিন্তু সংবাদ সম্মেলনে না যাওয়া কেন্দ্র করে মুন্না আমার সম্মান নষ্ট করার চেষ্টা করছে। সম্প্রতি আমার বাসায় চুরি হয়েছে। বিষয়টি নিয়ে আমি ব্যস্ত রয়েছি। আর সিনেমা চলে তার ম্যারিটে সংবাদ সম্মেলনে কে গেল, কে গেল না এটাকে বড় ইস্যু করার কিছু নেই। আমি সিনেমার গান ও অভিনয় করেছি। সেখানে যদি আমি ঠিকমতো কাজ না করতাম সেটি ভিন্ন ছিল।

ববি আরও বলেন, মুন্না আমার বিরুদ্ধে একের পর এক মিথ্যাচার করে আলোচনায় থাকার চেষ্টা করছে। আমি দেখেছি যতবার না তছনছ নামটি নেয়, তার চেয়ে বেশি আমার নাম নিচ্ছে। আমাকে কারও স্ত্রী বানিয়ে দিচ্ছে। মুন্না কি প্রমাণ করতে পারবে আমার স্বামী আছে। নাকি আমি কোথাও বলেছি বিয়ে করেছি। অহেতুক কথা বলে আমার সম্মান নষ্ট করায় মুন্নার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেব। ইন্ডাস্ট্রিতে ববি এক দিনে তৈরি হয়নি। আমার নামে এসব মিথ্যাচার মেনে নেব না।