logo

বিদেশে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, ভেঙে দিয়েছে সব রেকর্ড

বিদেশে ছুটছে ‘বনলতা এক্সপ্রেস’, ভেঙে দিয়েছে সব রেকর্ড

বিদেশের প্রেক্ষাগৃহে দারুণ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে দ্বিতীয় সপ্তাহে নতুন রেকর্ড গড়েছে ঈদের সিনেমা ‘বনলতা এক্সপ্রেস’। উত্তর আমেরিকার বক্স অফিসে এরই মধ্যে আলোচনায় থাকা সিনেমাটি এবার ছাড়িয়ে গেছে ‘হাওয়া’র আগের রেকর্ডও।

গত ৩ এপ্রিল মুক্তির প্রথম সপ্তাহেই উত্তর আমেরিকায় বাংলাদেশের সিনেমাগুলোর মধ্যে সর্বকালের দ্বিতীয় সর্বোচ্চ ওপেনিং করে তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’। পাশাপাশি এটি ইউএস টপ চার্টে ১৭ নম্বরে উঠে আসে, যা দেশের চলচ্চিত্রের জন্য বড় অর্জন হিসেবে দেখা হচ্ছে।

সিনেমাটির আন্তর্জাতিক পরিবেশক মোহাম্মদ অলিউল্লাহ সজীব সামাজিক মাধ্যমে জানিয়েছেন, দ্বিতীয় সপ্তাহে কানাডা, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য মিলিয়ে ৪৬টি হলে চলবে সিনেমাটি। প্রথম তিন দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের ব্যাপক উপস্থিতির কারণে অধিকাংশ হল দ্বিতীয় সপ্তাহেও সিনেমাটি প্রদর্শন চালিয়ে যাচ্ছে।

তবে সবচেয়ে বড় অর্জন এসেছে হল ধরে রাখার রেকর্ডে। এর আগে উত্তর আমেরিকায় দ্বিতীয় সপ্তাহে সর্বোচ্চ ৩৫টি হলে চলার রেকর্ড ছিল ‘হাওয়া’র। এবার সেই রেকর্ড ভেঙে ‘বনলতা এক্সপ্রেস’ দ্বিতীয় সপ্তাহে কানাডা ও আমেরিকায় ৩৬টি হল ধরে রেখেছে। পাশাপাশি নতুন ৬টি প্রেক্ষাগৃহ যুক্ত হওয়ায় মোট সংখ্যা দাঁড়িয়েছে ৪২-এ, যা এযাবৎকালে বাংলাদেশের কোনো সিনেমার জন্য সর্বোচ্চ।

কানাডার ১০টি থিয়েটারের সবগুলোতেই দ্বিতীয় সপ্তাহে চলছে সিনেমাটি। যুক্তরাষ্ট্রে ৩৮টির মধ্যে ২৬টি হলে প্রদর্শন অব্যাহত রয়েছে, সঙ্গে যোগ হয়েছে নতুন ৬টি হল যুক্তরাজ্যের ৪টি হলেই দ্বিতীয় সপ্তাহে জায়গা ধরে রেখেছে।

সব মিলিয়ে দ্বিতীয় সপ্তাহে—কানাডার ১০টি, যুক্তরাষ্ট্রের ৩২টি এবং যুক্তরাজ্যের ৪টি থিয়েটারে চলছে সিনেমাটি।

পরিচালক তানিম নূর বলেন, ‘উত্তর আমেরিকার দর্শকের সাড়ায় আমি অভিভূত। এই যাত্রাকে এতদূর পৌঁছে দেওয়ার জন্য যারা কাজ করছেন, সবাইকে ধন্যবাদ জানাই।’

কিংবদন্তি লেখক হুমায়ূন আহমেদের উপন্যাস ‘কিছুক্ষণ’ অবলম্বনে নির্মিত ‘বনলতা এক্সপ্রেস’-এ প্রধান চরিত্রে আছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরীফুল রাজ, শ্যামল মওলা, মম, বাঁধন, সাবিলা নূরসহ একঝাঁক তারকা। প্রযোজনায় বুড়িগঙ্গা টকিজ, সহ-প্রযোজনায় হইচই প্রোডাকশন।