সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক

এশিয়া পোস্ট বিনোদন
সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত পরিচালক এফ আই মানিক
এফ আই মানিক। ছবি: সংগৃহীত

সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় নির্মাতা এফ আই মানিক। সোমবার (৬ জুলাই) রাতে রাজধানীর বেগুনবাড়ী মোড় থেকে হাতিরঝিল গোলচত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বিষয়টি নিশ্চিত করেছেন নির্মাতা অর্পূব রানা।

অর্পূব রানা জানান, রাতে নিকেতনে নিজের বাসায় ফিরছিলেন এফ আই মানিক। বেগুনবাড়ী মোড় পার হয়ে হাতিরঝিল গোলচত্বর থেকে নিকেতন রোডে ঢোকার সময় পেছন থেকে দ্রুতগতির একটি গাড়ি তাকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।

অর্পূব রানা বলেন, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে মানিক ভাইয়ের বাম হাত ভেঙে গেছে। এ ছাড়া শরীরের বিভিন্ন স্থানে আঘাত ও ক্ষত রয়েছে। দুর্ঘটনার পরপরই তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার পরই পরিচালকের শারীরিক অবস্থার বিস্তারিত জানা যাবে। শরীরের অন্য কোনো হাড় ভেঙেছে কি না, সেটিও পরীক্ষার রিপোর্ট হাতে পাওয়ার পর নিশ্চিত হওয়া সম্ভব হবে।

বাংলাদেশের বাণিজ্যিক চলচ্চিত্রে এফ আই মানিক দীর্ঘ সময় ধরে সফল নির্মাতা হিসেবে কাজ করেছেন। নব্বইয়ের দশক থেকে দুই হাজার দশকের শুরুর দিকে তিনি একের পর এক দর্শকপ্রিয় ও ব্যবসাসফল সিনেমা নির্মাণ করেন। তার উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলোর মধ্যে রয়েছে ‘স্বপ্নের বাসর’, ‘কোটি টাকার কাবিন’, ‘চাচ্চু’ এবং ‘দাদীমা’।