‘একটা ট্রেন, এক রাত, অনেক গল্প’

নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে ‘বনলতা এক্সপ্রেস’ নামের যে সিনেমাটি নির্মাণ করেছে নির্মাতা তানিম নূর। আসছে ঈদে ছবিটি মুক্তি পাবে। সেই ধারাবাহিকতায় প্রকাশ পেল ছবিটির পোস্টার।
‘বনলতা এক্সপ্রেস’র ছবির পোস্টার শেয়ার দিয়ে অভিনেত্রী বাঁধন তার ফেসবুকে লেখেন, একটা ট্রেন। এক রাত। আর সফরসঙ্গী, অনেক গল্প। বনলতা এক্সপ্রেস-এ সফরের জন্য প্রস্তুত তো আপনারা?
সিনেমাটি নিয়ে আজমেরী হক বাঁধন বলেন, হুমায়ূন আহমেদ স্যারের গল্প পাঠকদের যেভাবে টানে, একইভাবে ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমার স্ক্রিপ্টও লেখা হয়েছে। দুর্দান্ত স্ক্রিপ্ট হয়েছে। সবার ভালো লাগবে। গল্পটা আসলে ট্রেনের। একটি জার্নির গল্প। ‘উৎসব’-কে ছাড়িয়ে যাবে ‘বনলতা এক্সপ্রেস’। আমরা এফডিসিতে শুটিং করেছি। ওখানে সেট ফেলে শুটিং হয়েছে। এইরকম সেট আগে কখনো হয়েছে কি না, জানা নেই।
পরিচালক তানিম নূর বলেন, হুমায়ূন আহমেদের গল্পের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের অনুভূতি, নিঃশব্দ যন্ত্রণা ও গভীর মানবিকতা। ‘বনলতা এক্সপ্রেস’ সেই অনুভবেরই একটি ভিজ্যুয়াল যাত্রা। দর্শক এই সিনেমায় গল্পের ভেতর দিয়ে এক ধরনের ভ্রমণের অভিজ্ঞতা পাবেন।
‘বনলতা এক্সপ্রেস’-এ বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সাবিলা নূর, শরিফুল রাজ, জাকিয়া বারী মম, শ্যামল মাওলা, ইন্তেখাব দিনার, চঞ্চল চৌধুরী ও মোশাররফ করিম।