ফের শাকিবকে নিয়ে সিনেমা বানাচ্ছেন হিমেল আশরাফ!

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান অভিনীত ‘রকস্টার’ সিনেমা ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। অনেকেই সিনেমাটি দেখে প্রশংসা করছেন, আবার অনেকেই সমালোচনামূলক মন্তব্য করছেন। এসবের মাঝেই একটি পোস্ট ঘিরে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। জনপ্রিয় নির্মাতা হিমেল আশরাফ আবারও শাকিব খানকে নিয়ে নতুন সিনেমা নির্মাণের প্রস্তুতি নিচ্ছেন বলে আভাস মিলেছে।
সম্প্রতি প্রযোজক শারিয়ার শাকিল নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি শেয়ার করেন। ছবিতে একসঙ্গে দেখা যায় শাকিব খান, হিমেল আশরাফ ও শারিয়ার শাকিলকে।
বিষয়টি নিয়ে হিমেল আশরাফ ফেসবুকে শারিয়ার শাকিল পোস্টটি শেয়ার করে সঙ্গে লিখেছেন, একটা গল্পের কিছু হোক, একটা জীবনের কিছু হোক, একটা প্রেমের কিছু হোক, আবার মানুষে মানুষে ভালোবাসার কিছু হোক।
অনেকেই ধারণা করছেন, এটি শাকিব খান ও হিমেল আশরাফের নতুন কোনো সিনেমার আনুষ্ঠানিক প্রস্তুতির ইঙ্গিত। আবার কেউ কেউ মনে করছেন, খুব শিগগিরই বড় কোনো ঘোষণা আসতে পারে।
এর আগে শাকিব খান ও হিমেল আশরাফের জুটি দর্শকদের উপহার দিয়েছে ব্যবসাসফল ও আলোচিত সিনেমা ‘প্রিয়তমা’।