‘আমেরিকায় সবার প্রিয় জায়েদ ভাইয়ার সাথে দেখা’

অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়ে বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন অভিনেত্রী সামিরা খান মাহি। সেখানে তিনি কী কাজে ব্যস্ত আছেন, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি। তবে দেশটিতে তার সময় যে বেশ ভালো কাটছে, তা অভিনেত্রীর সামাজিকমাধ্যমে চোখ রাখলেই বোঝা যায়। সম্প্রতি যুক্তরাষ্ট্রে তার সঙ্গে দেখা হয়েছে ঢাকাই চলচ্চিত্রের আলোচিত মুখ জায়েদ খান-এর।
মাহি সামাজিকমাধ্যমে বেশ সক্রিয়। শুধু ফেসবুকেই তার অনুসারীর সংখ্যা ৩২ লাখের বেশি। সেখানে নিয়মিত নিজের ব্যক্তিজীবন, ভ্রমণ ও কাজের বিভিন্ন আপডেট শেয়ার করে থাকেন তিনি। আজ সকালে সেই মাধ্যমেই মাহি চিত্রনায়ক জায়েদ খানের সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেন।
ছবিটির ক্যাপশনে তিনি লেখেন, ‘আমেরিকায় এসে আমাদের সবার প্রিয় জায়েদ ভাইয়ার সাথে দেখা। এত সুন্দর ফুল আর উপহার দিয়ে আমাকে স্বাগত জানানোর জন্য ধন্যবাদ। আপনার নতুন প্রজেক্টের জন্য অনেক অনেক শুভকামনা।’
যুক্তরাষ্ট্রে জায়েদ খান ব্যস্ত আছেন নিজের অভিনয় ও উপস্থাপনা নিয়ে। এরই মধ্যে তিনি একটি অরিজিনাল স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্রেন্ট ডায়েরি-১ম পর্ব: আমেরিকান ড্রিম’-এ মূল চরিত্রে অভিনয় করেছেন। ‘ঠিকানা প্রোডাকশন’-এর ব্যানারে নির্মিত ‘আমেরিকান ড্রিম’ পরিচালনা করেছেন জেকে। এতে অভিনয় করেছেন জায়েদ খান। চিত্রগ্রাহক হিসেবে আছেন সাদ আল আমিন। সিরিজটির সার্বিক তত্ত্বাবধানে রয়েছেন আবীর আলমগীর এবং এম. এম. শাহীন।
অন্যদিকে অভিনেত্রী সামিরা খান মাহি বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করলেও আসন্ন ঈদে দেশের বিভিন্ন প্ল্যাটফর্মে তার নতুন কয়েকটি নাটক প্রকাশ পাবে। যুক্তরাষ্ট্রে যাওয়ার আগে তিনি এসব নাটকের শুটিং সম্পন্ন করে গেছেন।