গ্যাংস্টারের প্রেমের প্রস্তাব পেয়েছিলেন ববি, তবে নাম প্রকাশে অনিচ্ছা

এশিয়া পোস্ট বিনোদন
গ্যাংস্টারের প্রেমের প্রস্তাব পেয়েছিলেন ববি, তবে নাম প্রকাশে অনিচ্ছা

ঢালিউডের অন্যতম গ্ল্যামারাস ও জনপ্রিয় অভিনেত্রী ইয়ামিন হক ববি। সম্প্রতি বিনোদন দুনিয়ায় এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করে আলোচনায় এসেছেন 'বিজলি' খ্যাত এই নায়িকা। জনপ্রিয় টকশো এপি স্টারে অতিথি হিসেবে অংশ নিয়ে তিনি জানান, অতীতে এক বাস্তব জীবনের গ্যাংস্টার বা আন্ডারওয়ার্ল্ডের সদস্য তার প্রেমের প্রত্যাশায় পেছনে ঘুরেছিলেন।

সম্প্রতি ‘এপি স্টার’ অনুষ্ঠানে অতিথি হয়ে এসেছিলেন ববি। সেখানে আড্ডার একপর্যায়ে অভিনেত্রী মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে ববি এই বিস্ফোরক মন্তব্য করেন। মৌসুমী তার কাছে জানতে চেয়েছিলেন—বাস্তব জীবনে কখনো কোনো গ্যাংস্টারের কাছ থেকে প্রেমের প্রস্তাব পেয়েছিলেন কিনা।

প্রশ্নের জবাবে ববি হাসিমুখে স্বীকার করেন, "ঘুরেছে। একজন সত্যিকারের গ্যাংস্টার আমার পেছনে প্রেম করার জন্য ঘুরত। তবে এখন তুমি তার নাম জানতে চেয়ো না।"

বিশ্বজুড়েই শোবিজ তারকাদের সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সংযোগ বা নানা গুঞ্জন নতুন কিছু নয়। তবে বেশির ভাগ সময়ই তারকারা এসব স্পর্শকাতর বিষয় এড়িয়ে যান বা গোপন রাখতে পছন্দ করেন। ববি অবশ্য বিষয়টি সম্পূর্ণ চেপে না গেলেও, সেই ব্যক্তির পরিচয় প্রকাশ করতে সতর্কতা অবলম্বন করেছেন। তবে তার কথা ও শরীরী ভাষায় এটি স্পষ্ট ছিল যে—সেই গ্যাংস্টার যতই প্রভাবশালী হোক না কেন, ঢালিউডের এই নায়িকার কাছে তিনি বিন্দুমাত্র পাত্তা পাননি।

বর্তমানে ববির এই মন্তব্যটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চার জন্ম দিয়েছে এবং ভক্তদের মনে কৌতুহলের সৃষ্টি করেছে—কে ছিলেন সেই রহস্যময় গ্যাংস্টার?