শিগগিরই আসছে জায়েদ খানের ‘শিকারি’

চিত্রনায়ক জায়েদ খানকে ঘিরে কয়েক দিন ধরেই চলছিল রহস্য। সামাজিক যোগাযোগমাধ্যমে ‘শিকারি’ নামে একটি পোস্টার প্রকাশ করে নতুন কাজের ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে সেটি সিনেমা, ওয়েব সিরিজ নাকি অন্য কোনো কনটেন্ট, তা নিয়ে কিছুই খোলাসা করেননি। এবার প্রকাশ পেল সেই ‘শিকারি’র নতুন পোস্টার। আর তাতেই অনেকটাই পরিষ্কার হলো রহস্য।
নতুন পোস্টারে দেখা গেছে, রাজকীয় একটি চেয়ারে বসে আছেন জায়েদ খান। তাকে ঘিরে রয়েছেন তিন নারী। পেছনে নিউইয়র্ক শহরের রাতের দৃশ্য। পোস্টারে বড় করে লেখা- ‘শিকারি’। এর সঙ্গে রয়েছে ‘কামিং সুন’ লেখা। অর্থাৎ শিগগিরই দর্শকের সামনে আসছে এই প্রজেক্ট।
পোস্টারের নিচে দেওয়া তথ্য অনুযায়ী, ‘শিকারি’ একটি গানের প্রজেক্ট। এতে শিল্পী হিসেবে নাম রয়েছে সজীব ও রিমির। পরিচালনায় আছেন বদরুদ্দুয়া সাগর। ‘গ্যালাক্সি মিডিয়া প্রেজেন্টস’ হিসেবে পোস্টারে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিউইয়র্কভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠানের নামও দেখা গেছে।
এর আগে, ‘শিকারি’র প্রথম পোস্টার প্রকাশের পর থেকেই বিষয়টি নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। সেই পোস্টারে জায়েদ খানের মুখ ঘিরে কয়েকজন নারীর হাত দেখা যায়। তখন অভিনেতা জানিয়েছিলেন, নতুন কিছু আসছে এবং এমনভাবে দর্শক আগে কখনো তাকে দেখেননি। কাজটি তার ক্যারিয়ারের ‘একেবারেই ভিন্নধর্মী’ বলেও মন্তব্য করেছিলেন তিনি।
কাজটি সিনেমা নাকি অন্য কোনো মাধ্যমে আসবে জানতে চাইলে তখন জায়েদ খান বলেছিলেন, ‘এখনই কোনো কিছু বলতে চাই না। আরও কদিন অপেক্ষা করুন। এরপর সবকিছু আনুষ্ঠানিকভাবে জানাতে পারব।’
সেই রহস্যের পর এবার নতুন পোস্টারে মিলল উত্তর। ‘শিকারি’ যে গানের সঙ্গে যুক্ত একটি প্রজেক্ট, তা পোস্টারের তথ্য থেকেই স্পষ্ট। তবে গানটির গল্প, মুক্তির তারিখ কিংবা জায়েদ খানের চরিত্র সম্পর্কে বিস্তারিত এখনো জানানো হয়নি।
মিউজিক ভিডিওটি প্রসঙ্গে জানতে চাইলে জায়েদ খান এশিয়া পোস্টকে বলেন, শিকার ২০২৬ সালে আমার পক্ষ থেকে দর্শকের জন্য বড় ধামাকা হতে যাচ্ছে। আমি নিজেও গানটি প্রকাশের জন্য মুখিয়ে আছি।
এদিকে প্রায় দুই বছর ধরে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান। সেখানে প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন কনসার্ট ও সাংস্কৃতিক আয়োজনে নিয়মিত অংশ নিচ্ছেন তিনি। যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডা, পর্তুগালসহ ইউরোপ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও স্টেজ পারফরম্যান্সে দেখা গেছে তাকে। দেশের বাইরে অবস্থান করেও নতুন নতুন কাজের মাধ্যমে আলোচনায় থাকার চেষ্টা করছেন এই অভিনেতা।
সবশেষ নায়ক হিসেবে জায়েদ খানকে দেখা গেছে ‘সোনার চর’ সিনেমায়। জাহিদ হাসান পরিচালিত ছবিটির কাহিনি, চিত্রনাট্য ও সংলাপও তা লেখা। এতে জায়েদ খানের বিপরীতে অভিনয় করেছিলেন জান্নাতুল স্নিগ্ধা। এ ছাড়া গত ঈদুল আজহায় প্রকাশ পেয়েছে তার অভিনীত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ইমিগ্র্যান্ট ডায়েরিজ এপিসোড-২’। জন কবির ও সাদ আল আমীন পরিচালিত ওই ছবিতে নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে অভিনয় করেন জায়েদ খান।
এবার দেখার পালা, পোস্টারে রাজকীয় সাজে হাজির হওয়া জায়েদ খানের ‘শিকারি’ গানে কী চমক থাকে। আপাতত পোস্টারের ঘোষণা- ‘কামিং সুন’।
.png)

