logo

তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি: বাঁধন 

তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি: বাঁধন 

অভিনেত্রী আজমেরী হক বাঁধন, নাটক, মডেলিং ও সিনেমায় একের পর এক চমক দিয়ে দর্শকদের নজর কেড়েছেন তিনি। দেশের গণ্ডি পেরিয়ে অভিনয়ের দ্যুতি ছড়িয়েছেন বলিউডেও। কান চলচ্চিত্র উৎসবেও প্রশংসা কুড়িয়েছেন। জুলাই আন্দোলনে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথেও সরব ছিলেন এই অভিনেত্রী। 

কাজের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ সরব বাঁধন। প্রায় সময়ই সমসাময়িক নানা বিষয় নিয়ে নিজের মতামত প্রকাশ করেন ফেসবুকে। সে ধারাবাহিকতায় এবার তিনি কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে। 

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে বাঁধন বলেন, আমি এই মেয়েটির সত্যিই প্রশংসা করি। বেশ কয়েক মাস ধরে তাকে দেখে আসছি। সে যেভাবে নিজেকে পরিচালনা করে, তা আমি সত্যিই পছন্দ করি। তার কথা বলা, তার সংযত-ধীর ও স্থির স্বভাব—এগুলো সত্যিই অনুপ্রেরণাদায়ক।

তিনি পোস্টে জাইমার স্পষ্ট চিন্তাভাবনার পাশাপাশি তার উপস্থিতিকেও শক্তিশালী রূপে বর্ণনা করে বলেন, আমি স্পষ্টতই তার মধ্যে একজন ভবিষ্যৎ নেতা দেখতে পাচ্ছি। তার জন্য শুভ কামনা এবং প্রচুর ভালোবাসা।