ভবিষ্যৎ অনুমান নয়, নিজেই তৈরি করুন : অপু বিশ্বাস

নতুন লুকে ক্যামেরার সামনে হাজির হলেন ঢালিউড কুইন চিত্রনায়িকা অপু বিশ্বাস। তবে এবার শুধু সাজপোশাক নয়, লাইব্রেরিতে ফটোশুট করেছেন এই নায়িকা। ছবিতে দেখা যায়, অপু বিশ্বাসের হাতে ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত কাব্যগ্রন্থ ‘গীতাঞ্জলি’।
নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ফটোশুটের কয়েকটি ছবি প্রকাশ করেছেন তিনি। ছবিতে কখনো ‘গীতাঞ্জলি’র পাতায় চোখ রেখেছেন, আবার কখনো বইটি মুখ ও মাথার কাছে ধরে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন। পেছনে সারি সারি সাজানো বইয়ের তাক ছবিগুলোতে তৈরি করেছে ভিন্ন এক আবহ।
ফটোশুটের সঙ্গে একটি অনুপ্রেরণামূলক বার্তাও দিয়েছেন অপু বিশ্বাস। ক্যাপশনে লিখেছেন, ‘ভবিষ্যৎ অনুমানের সবচেয়ে সেরা উপায় হলো ভবিষ্যৎটা নিজেই তৈরি করে নেওয়া।’
ছবি প্রকাশের পরই অপুর নতুন লুক নিয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন ভক্ত-অনুরাগীরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, আবার কেউ অপুর সঙ্গে নিজেদের ছোটবেলার স্মৃতির কথাও জানিয়েছেন।
একজন লিখেছেন, ‘খুব সুন্দর লাগছে আপু আপনাকে’; আরেকজন লিখেছেন, ‘একসময় অপুর মুভি ছাড়া চলতোই না, অপু বিশ্বাস মানেই ছোটবেলা’; আরেক অনুসারী পরামর্শ দিয়ে লিখেছেন, ‘লাইব্রেরিতে শাড়ি পরে ফটোশুট করলে একদম পারফেক্ট হতো’।
অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ফটোশুটেও নিয়মিত দেখা যাচ্ছে অপু বিশ্বাসকে। ভিন্ন ভিন্ন লুকে ক্যামেরার সামনে হাজির হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় থাকেন তিনি।
সম্প্রতি ‘শিকার’ সিনেমার শুটিং করেছেন তিনি। কামরুজ্জামান রোমান পরিচালিত সিনেমাটির বড় একটি অংশের শুটিং হয়েছে নেপালে। তবে সিনেমাটির বাকি কাজ নিয়ে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। কারণ, সিনেমাটির নায়ক মরতুজা পলাশ বর্তমানে কারাগারে রয়েছেন।
‘শিকার’-এ অপু বিশ্বাস ও মরতুজা পলাশের সঙ্গে আরও অভিনয় করেছেন মাহমুদুল ইসলাম মিঠু, সুমন আনোয়ার, পশ্চিমবঙ্গের খরাজ মুখার্জি, রজতাভ দত্ত ও শ্যাম ভট্টাচার্যসহ অনেকে।