তারকাখ্যাতি উপভোগ করেন চিত্রনায়িকা ববি

এশিয়া পোস্ট বিনোদন
তারকাখ্যাতি উপভোগ করেন চিত্রনায়িকা ববি
চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। ছবি: সংগৃহীত

ঢালিউড চিত্রনায়িকা ইয়ামিন হক ববি সিনেমা অঙ্গনের অত্যন্ত মেধাবী ও পরিচিত মুখ। দুর্দান্ত সাহসী এই অভিনেত্রী এই সময়ের অন্যতম গ্ল্যামারস তারকা। বিলাসবহুল জীবনযাপনে অভ্যস্ত ঢাকাই সিনেমার এই নায়িকা। আর এভাবেই লাইফ কাটাতেই স্বস্তি পান বলে জানান নায়িকা নিজেই।

Advertisement

এশিয়া পোস্টের বিশেষ ঈদ বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ অতিথি হিসেবে হাজির হয়েছিলেন ঢাকাই সিনেমার অন্যতম পরিশ্রমী ও সাহসী চিত্রনায়িকা ইয়ামিন হক ববি। অনুষ্ঠানে উপস্থাপিকা শান্তা জাহানের সঙ্গে প্রাণবন্ত আড্ডা মাতিয়ে তোলেন অনুষ্ঠান। এ সময় ব্যক্তিগত ও অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা ও অজানা বিষয় ভক্তদের সামনে তুলে ধরেন এই তারকা।

আড্ডার একপর্যায়ে উপস্থাপিকা শান্তা জাহান কখনও তারকাখ্যাতি ছেড়ে সাধারণ জীবন যাপন করার ইচ্ছা আছে কি না—এমনটা জানতে চান। জবাবে ববি জানান, বর্তমান তারকাখ্যাতি পেতে তাকে অনেক কঠোর পরিশ্রম করতে হয়েছে। পরিবার ও সামাজিকতার সঙ্গে রীতিমতো যুদ্ধ করতে হয়েছে। এসময় নায়িকা আরও জানান, এত কষ্টে পাওয়া জীবন নিয়ে তিনি অভ্যস্ত ও স্বাচ্ছন্দ্য। এরকম ছাড়তে চাওয়ার কোনো প্রশ্নই আসে না।

বিলাসী জীবন প্রসঙ্গে ববি বলেন, এ রকম জীবনের জন্য আমি অনেক হার্ডওয়ার্ক করেছি, অনেক ফাইট করে এসেছি। ওটা আমি নিজের থেকে ছাড়ব—এরকম ভাবার জায়গা নেই। এসময় এখনকার মতো বিলাসী জীবনেই তিনি অভ্যস্ত এবং এটাই তার কাছে নরমাল লাইফ ও কমফোর্ট জোন বলে জানান ইয়ামিন ববি।

২০১০ সালে ‘খোঁজ: দ্য সার্চ’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় ববির। এরপর বিভিন্ন সিনেমায় অ্যাকশনধর্মী চরিত্র ও দৃশ্যে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের নজর কাড়েন তিনি।

এবারের ঈদুল আজহায় ববি অভিনীত ‘তছনছ’ মুক্তি পেয়েছে। বদিউল আলম খোকন পরিচালিত সিনেমাটি মাত্র ১০টি হলে মুক্তি পেয়েছিল। এতে ইয়ামিন হক ববির বিপরীতে ছিলেন মুন্না খান।