এবার বিডিআর বিদ্রোহের কাহিনি নিয়ে রাফির নতুন মিশন

তরুণ প্রজন্মের জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি। ইতোমধ্যে ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে সুনাম অর্জন করেছেন তিনি। সত্য ঘটনা অবলম্বনে সিনেমা ও ওয়েব ফিল্ম নির্মাণ করে বেশ পরিচিত পেয়েছেন এই নির্মাতা।
বরগুনার আলোচিত রিফাত-মিন্নি হত্যাকাণ্ড অবলম্বনে তিনি তৈরি করেছেন ‘পরাণ’। এরপর গাজীপুরের প্রবাসী দম্পতির হত্যা নিয়ে ‘জানোয়ার’, ঢাকার কদমতলী এলাকায় ট্রিপল মার্ডার নিয়ে ‘ফ্রাইডে’ বানিয়ে আলোচিত হয়েছেন।
সম্প্রতি তার ওটিটি ওয়েব ফিল্ম ‘অমীমাংসিত’ মুক্তি পেয়েছে। সেটি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সত্য ঘটনা অবলম্বনে নির্মিত বলে জানা যায়। এবার এই নির্মাতা বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা নির্মাণের পরিকল্পনা করছেন।
২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পিলখানায় ঘটে যাওয়া ওই বিদ্রোহে বিডিআরের মহাপরিচালক মেজর জেনারেল শাকিল আহমেদসহ মোট ৭৪ জন নিহত হন।
রাফি বলেন, আমার খুব ইচ্ছা বিডিআর বিদ্রোহ নিয়ে সিনেমা বানানোর। এতজন সেনাকে হত্যা করা হলো, একের পর এক লাশ বের হলো, গণকবর হলো। ভেতরে কী ঘটনা ঘটেছিল, তা এখনো পুরোপুরি জানি না। আরও তথ্য জানা গেলে তখন এ নিয়ে সিনেমা বানাব।
তিনি আরও বলেন, বিভিন্ন সময় সত্য ঘটনা অবলম্বনে কাজ করতে গিয়ে অনেক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। ‘অমীমাংসিত’ মুক্তির সময়ও সেন্সর বোর্ড প্রথমে সিনেমাটিকে নিষিদ্ধ করেছিল। তবে সরকার পরিবর্তনের পর এটি মুক্তি পেয়েছে।
রাফি বলেন, সাহস থাকলে সত্য ঘটনা অবলম্বনে বারবার কাজ করা যায়। আমার লক্ষ্য হলো সমাজে একই ধরনের অন্যায় যেন পুনরায় না ঘটে, সেই সচেতনতা তৈরি করা।
বর্তমানে রাফি ব্যস্ত আছেন নতুন সিনেমা ‘প্রেশার কুকার’ নিয়ে।
তিনি জানান, সিনেমাটি চার গল্প নিয়ে তৈরি হচ্ছে এবং এই সিনেমার মাধ্যমে প্রথমবার প্রযোজক হিসেবে নাম লেখাচ্ছেন তিনি। এটি আগামী ঈদুল ফিতরে মুক্তির পরিকল্পনা রয়েছে।
এ ছাড়া ভৌতিক ঘরানার ‘আন্ধার’ সিনেমার শুটিং শেষ করেছেন। সিনেমাটি এ বছর মুক্তি পাওয়ার কথা।