logo

জন্মদিনে মৌসুমীকে যে বার্তা দিলেন ওমর সানী

জন্মদিনে মৌসুমীকে যে বার্তা দিলেন ওমর সানী
আরিফা পারভীন মৌসুমী ও ওমর সানী। ছবি: অভিনেতার ফেসবুক থেকে

আজ ৫৪ বছরে পা রাখলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা আরিফা পারভীন মৌসুমী। বেশ কয়েক বছর ধরে যুক্তরাষ্ট্রেই বসবাস করছেন তিনি। স্ত্রীর পাশে না থাকায় দূর দেশ থেকেই জন্মদিনের শুভেচ্ছা দিলেন স্বামী ওমর সানী।

নিজের সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও শেয়ার করে ওমর সানী বলেন, ‘মৌসুমী, আল্লাহ তোমাকে সুস্থ রেখেছেন, এজন্য আলহামদুলিল্লাহ! যত দূরেই যাও না কেন, দূরত্ব কোনো বিষয় না। আজকে তোমার জন্মদিন। গত ৩৫ বছর ধরে তোমার জন্মদিন উদযাপন করে যাচ্ছি। আল্লাহ যদি আমাদের বাঁচিয়ে রাখেন, তবে অল্প কিছুদিনের মধ্যে আমাদের দেখা হচ্ছে।’

ওমর সানী আরও বলেন, ‘মৌসুমী, তোমার জন্মদিনে আল্লাহর কাছে আমার একটাই চাওয়া, সেটা হচ্ছে- তোমার সুস্থতা, সম্মান, আত্মমর্যাদা, মমত্ববোধ। মানুষ তোমাকে যেভাবে সম্মান করেন, সেই সম্মানকে আল্লাহ যেন আরো বাড়িয়ে দেন।’

এছাড়া সোশ্যাল মিডিয়ায় একটি বার্থডে কার্ড শেয়ার করে ওমর সানী লিখেছেন, ‘শুভ জন্মদিন প্রিয়দর্শিনী মৌসুমী। বাংলা চলচ্চিত্রের শেষ মেগাস্টার শুধু তুমি।’