logo

নতুনভাবে ভক্তদের সামনে হাজির হলেন জয়া 

নতুনভাবে ভক্তদের সামনে হাজির হলেন জয়া 

অভিনয়কে তিনি ধারণ করেছেন শিরা-উপশিরায়, হয়ে উঠেছেন এপার-ওপার দুই বাংলারই জনপ্রিয় মুখ। বলছি জয়া আহসানের কথা। পর্দায় ভিন্ন ভিন্ন চরিত্রে নিজেকে ফুটিয়ে তোলেন এই নায়িকা। সাবলীল অঙ্গভঙ্গি আর অভিনয় দক্ষতায় বরাবরই সিনেমাপ্রেমীদের হৃদয় ছুঁয়ে যান এই তারকা।

দুই বাংলার এই জনপ্রিয় অভিনেত্রী এবার নতুনভাবে ভক্তদের সামনে হাজির হয়েছেন। অভিনয়ের পাশাপাশি ডিজিটাল দুনিয়ায় নিজের উপস্থিতি আরও জোরালো করতে তিনি আনুষ্ঠানিকভাবে চালু করেছেন নিজের ইউটিউব চ্যানেল।

ভক্তদের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন এবং নিজের সৃজনশীল কাজের অন্দরমহলের গল্প তুলে ধরতেই এই উদ্যোগ নিয়েছেন বলে জানান তিনি।

জয়া আহসানের কথায়, পর্দায় দর্শক যে চরিত্রগুলো দেখেন, তার পেছনের বাস্তব অভিজ্ঞতা, প্রস্তুতি এবং নানা অজানা মুহূর্ত দর্শকদের সঙ্গে ভাগ করে নেওয়ার জন্যই এই নতুন প্ল্যাটফর্ম।

নতুন এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রকাশিত হবে তার অভিনয়জীবনের নেপথ্যের দৃশ্য, শুটিং সেটের অভিজ্ঞতা এবং কাজের বিভিন্ন ধাপের গল্প। পাশাপাশি ব্যক্তিগত জীবনের কিছু বিশেষ দিকও উঠে আসবে ভিডিওতে, যা এত দিন ভক্তদের কাছে অজানাই ছিল। 

প্রকৃতিপ্রেমী হিসেবে পরিচিত এই অভিনেত্রী তার ভ্রমণ, প্রকৃতির প্রতি ভালোবাসা এবং দৈনন্দিন জীবনের শান্ত মুহূর্তগুলোও এই চ্যানেলে তুলে ধরবেন বলে জানা গেছে।

জয়া আরও জানিয়েছেন, অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমের মতো ইউটিউবেও ভক্তদের সক্রিয় অংশগ্রহণ চান।

এদিকে জয়া আহসান ভিন্নমাত্রার ট্রাভেল ডকুমেন্টারি সিরিজ ‘রুচি প্রেজেন্টস গানচিল পথের গল্প’ উপস্থাপনা করছেন। সিরিজটি নির্মাণ করছেন মোহাম্মদ আলী, যেখানে দেশের বিভিন্ন জেলার সাংস্কৃতিক বৈচিত্র্য, পেশা ও জীবনযাপনের ভিন্নতা তুলে ধরা হচ্ছে।