রাফী বললেন কল্পনাও করিনি

বর্তমান সময়ের অন্যতম আলোচিত নির্মাতা রায়হান রাফী। ইতোমধ্যে তার নির্মিত ‘পোড়ামন ২’, ‘পরাণ’, ‘সুড়ঙ্গ’, ‘তুফান’ নির্মাণ করে এ সময়ে সুনাম অর্জন করেছেন। এবার ঈদেও মুক্তি পেয়েছে তার পরিচালিত ‘প্রেশার কুকার’ ছবিটি। ইতোমধ্যে দর্শক মহলে বেশ প্রশংসিত হয়েছে চলচ্চিত্রটি।
ইন্ডাস্ট্রির চার নায়িকাকে নিয়ে বানিয়েছেন ভিন্ন ধারার ছবি ‘প্রেশার কুকার’। যেখানে উঠে এসেছে নারীর সংগ্রাম, প্রতিবন্ধকতা ও টিকে থাকার লড়াই।
ঈদে মুক্তি পাওয়া বিগ বাজেটের ছবিগুলোর সঙ্গে বেশ ভালোভাবেই প্রতিযোগিতায় নেমেছে ছবিটি। এরইমধ্যে ছুঁয়েছে ৩ কোটির ঘর। এক্সপেরিমেন্টাল এ ছবির এমন সাফল্যের কথা সামাজিকমাধ্যমে জানিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন রাফী। সেইসঙ্গে জানিয়েছেন কৃতজ্ঞতা।
নিজের ফেসবুকে রাফী লিখেছেন, ধন্যবাদ আপনাদের ‘প্রেশার কুকার’-এর মতো একটি এক্সপেরিমেন্টাল, ভিন্নধারার সিনেমাকে এত ভালোবাসা দেওয়ার জন্য। আমরা কল্পনাও করিনি, আপনারা এভাবে পাশে থাকবেন।
এরপর লেখেন, সব থেকে কম শো নিয়ে শুধুমাত্র সিনেমা হল থেকেই ৩ কোটি টাকার ঘরে প্রবেশ- এই অর্জন আমাদের জন্য অনেক বড়।
সবশেষে নির্মাতা লিখেছেন, এই ভালোবাসাই সামনে এগিয়ে যাওয়ার শক্তি। এটা ইতিহাস হয়ে থাকবে আমাদের কাছে। আমাদের পক্ষ থেকে সবাইকে কৃতজ্ঞতা আর ভালোবাসা রইল।
ক্যাপশনের সঙ্গে রাফী জানিয়েছেন, দেশের সিনেমা হল থেকে ‘প্রেশার কুকার’-এর গ্রস কালেকশন দুই কোটির অধিক। বিদেশের মাটি থেকে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি। ছবির টোটাল কালেকশন দাঁড়িয়েছে ৩ কোটি টাকা।
‘প্রেশার কুকার’ যৌথভাবে প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফী। ছবিটিতে অভিনয় করেছেন শবনম বুবলী, নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া শান্ত। আরও আছেন ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিশা সওদাগর, আজিজুল হাকিম ও ফারজানা ছবি।