এসি নষ্ট, শাকিবের ‘প্রিন্স’ দেখতে আসা দর্শকদের টাকা ফেরত

ঈদে মুক্তি পাওয়া মেগাস্টার শাকিব খান অভিনীত ‘প্রিন্স: ওয়ানস আপন আ টাইম ইন ঢাকা’ সিনেমাটির শনির দশা যেন কাটছেই না। এরপর পর এক বিপত্তির সম্মুখীন হচ্ছে চলচ্চিত্রটি। নির্ধারিত সময়ে সার্ভারে না পাওয়ায় সিনেমাটি প্রদর্শন করতে পারেনি দেশের বেশ কয়েকটি প্রেক্ষাগৃহ। টিকিট কেটেও সিনেমাটি দেখতে না পেরে ক্ষুব্ধ দর্শকরা কয়েকটি হলে ভাঙচুর করেছে।
এর মাঝেই নতুন তথ্য দিয়েছেন ছবিটির পরিচালক আবু হায়াত মামুদ। তিনি জানান, কিছু প্রেক্ষাগৃহে এসি বিকল থাকায় দর্শকদের স্বস্তি নিশ্চিত করা সম্ভব হয়নি। এ কারণে ‘প্রিন্স’ প্রদর্শন না করেই দর্শকদের টিকিটের টাকা ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে আবু হায়াত মামুদ তার ফেসবুকে পোস্টে লিখেছেন, স্টার সিনেপ্লেক্সে সীমান্ত সম্ভার, ধানমন্ডি শাখার ১টা ৫০ মিনিটের হাউজফুল শোয়ের টিকিট ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্সে। ওনাদের এসি নষ্ট। আজকে তো ঠিক হবে না, কালও ঠিক হবে কি না জানে না। এটা শুধু প্রিন্সের সাথেই সম্ভব। আপনারাই বলুন। আর কি বাকি আছে একটা সিনেমাকে ধ্বংস করার।
এদিকে পবিত্র ঈদুল ফিতরের দিনই স্টার সিনেপ্লেক্সে মুক্তির কথা ছিল সিনেমাটির। তবে ডিসিপি-সংক্রান্ত জটিলতার জন্য সিনেমাটি বিলম্বে মুক্তি পেয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে সিনেমাটি পরিচালনা করেছেন পরিচালক আবু হায়াত মাহমুদ।
‘প্রিন্স’ সিনেমাটি ১৩৩টি সিনেমা হলে মুক্তি পেয়েছে। এতে শাকিব খানের সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু প্রমুখ।