নায়করাজকে হারানোর শূন্যতা আজও অনুভব করি: শাকিব খান

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাককে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করেছেন চিত্রনায়ক শাকিব খান। নায়করাজকে হারানোর নয় বছর পূর্তিতে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক আবেগঘন পোস্টে নিজের স্মৃতি ও অনুভূতির কথা তুলে ধরেছেন তিনি।
পোস্টে শাকিব খান লেখেন, ‘নায়করাজ রাজ্জাক আঙ্কেলকে হারানোর নয় বছর আজ। তাকে হারানোর শূন্যতা আজও সমানভাবে অনুভব করি। তিনি শুধু একজন কিংবদন্তি নায়ক ছিলেন না, ছিলেন আমাদের চলচ্চিত্রের অভিভাবক, অনুপ্রেরণা ও ভালোবাসার এক বিশাল আশ্রয়।’
নায়করাজের সঙ্গে নিজের সম্পর্কের কথাও স্মরণ করেছেন শাকিব। তিনি জানান, রাজ্জাক তার জীবনে শুধু একজন কিংবদন্তি অভিনেতা হিসেবেই ছিলেন না, ছিলেন অভিভাবকের মতো। শাকিবের ভাষায়, ‘বিশেষ করে তিনি ছিলেন আমার মাথার ওপর ছায়ার মতো। স্নেহ দিয়েছেন, আগলে রেখেছেন, পরামর্শ দিয়েছেন।’
রাজ্জাকের সঙ্গে নিয়মিত দেখা না হলেও তিনি কীভাবে তার খোঁজ রাখতেন, সেই স্মৃতিও তুলে ধরেছেন শাকিব। তিনি লেখেন, ‘অনেক দিন দেখা না হলেও কীভাবে যেন বুঝে যেতেন, আমি কেমন আছি, কীসের মধ্য দিয়ে যাচ্ছি! তাকে হারানোর বেদনা আমার কাছে নিজের অভিভাবক হারানোর মতো- খুবই ব্যক্তিগত।’
নায়করাজের কাছ থেকে পাওয়া স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও নিজের পথচলার অনুপ্রেরণা বলে উল্লেখ করেছেন শাকিব খান। তার মতে, রাজ্জাক শারীরিকভাবে না থাকলেও তার অবদান ও স্মৃতি বাংলা চলচ্চিত্রের সঙ্গে চিরকাল জড়িয়ে থাকবে।
শ্রদ্ধা জানিয়ে শাকিব আরও লেখেন, ‘তিনি নেই, কিন্তু তার স্নেহ, শিক্ষা ও আশীর্বাদ এখনও আমার পথচলার অনুপ্রেরণা। বাংলাদেশের চলচ্চিত্র যত দিন থাকবে, নায়করাজ তত দিনই থাকবেন আমাদের হৃদয়ে, আমাদের অহংকার হয়ে।’
পোস্টের শেষাংশে প্রিয় নায়করাজের প্রতি ভালোবাসা জানিয়ে শাকিব বলেন, ‘শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করি আপনাকে। শান্তিতে থাকুন, আমাদের প্রিয় নায়করাজ।’
বাংলা চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও প্রভাবশালী অভিনেতা আবদুর রাজ্জাক ২০১৭ সালের ২১ আগস্ট রাজধানীর একটি হাসপাতালে মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য জনপ্রিয় চলচ্চিত্র উপহার দিয়ে দর্শকের কাছে ‘নায়করাজ’ হিসেবে প্রতিষ্ঠিত হন তিনি।


