দেবী দুর্গারূপে নজর কাড়লেন পরী মণি

দেবী দুর্গার সাজে হাজির হয়ে ভক্তদের চমকে দিলেন ঢাকাই চলচ্চিত্রের অভিনেত্রী পরী মণি। লাল পেড়ে সাদা শাড়ি, মাথায় বিশাল মুকুট, গলায় ফুলের মালা আর গা ভর্তি গয়না- সব মিলিয়ে তার সাজে ফুটে উঠেছে দুর্গাপূজার আবহ। হাতে পদ্মফুল নিয়ে ক্যামেরার সামনে তার উপস্থিতি নজর কেড়েছে অনুরাগীদের।
রোববার (১৮ অক্টোবর) দুপুরে নিজের ফেসবুক পেজে ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশ করেন পরী মণি। বিশেষ ফটোশুটের ওই ভিডিওর ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, ‘শুভ শক্তির জয় হোক।’
ভিডিওটি প্রকাশের পর থেকেই পরী মণির সাজ নিয়ে মন্তব্য করছেন ভক্তরা। কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার দেবীর সঙ্গে তার সাদৃশ্য খুঁজে পেয়েছেন। মন্তব্যের ঘরে অভিনেত্রী হৈমন্তী হৈম লিখেছেন, ‘অনেক সুন্দর লাগছে।’ আরেকজন লিখেছেন, ‘দেবীর মতো লাগছে।’ কেউ মন্তব্য করেছেন, ‘পরী সব সাজেই পরী।’
এক ভক্তের মন্তব্য, ‘কয়েক দিন আগে ভেবেছিলাম যে, আপনাকে দুর্গা সাজলে খুব সুন্দর লাগবে। এখন দেখি সত্যি সত্যি সেজে ফেললেন।’ এ ছাড়া অনেকে তার হাসি, অভিব্যক্তি ও সাজের প্রশংসা করেছেন। কেউ কেউ এই রূপে আরও ছবি ও ভিডিও দেখার আগ্রহও প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে পরী মণির এই নতুন রূপ ঘিরে ভক্তদের আগ্রহই বলে দিচ্ছে, বিশেষ ফটোশুটটি তাদের নজর কেড়েছে।
এদিকে কাজের ব্যস্ততাও রয়েছে পরী মণির। সম্প্রতি গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ওয়েব ফিল্ম ‘সেপারেশন’-এর শুটিং শেষ করেছেন তিনি। এতে তার বিপরীতে অভিনয় করছেন ইমতিয়াজ বর্ষণ। বিশেষ একটি চরিত্রে দেখা যাবে চিত্রনায়ক নিরবকেও। তবে ওয়েব ফিল্মটির গল্প, পরী মণির চরিত্র কিংবা মুক্তির তারিখ নিয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।