‘ডেঞ্জারম্যান’ থেকে দর্শকের ভালোবাসার নায়ক

চলচ্চিত্রের মুভিলর্ড খ্যাত মনোয়ার হোসেন ডিপজল। প্রযোজক হিসেবে পেয়েছেন সফলতা। সময়ের সঙ্গে তাল মেলানোর বিশেষ এক ক্ষমতা আছে তার। এলাকাবাসী ও চলচ্চিত্রের মানুষের কাছে তিনি ‘দানবীর’।
ক্যারিয়ারের শুরুটা করেছিলেন নায়ক হিসেবে। এরপর জনপ্রিয়তার আকাশ ছুঁয়েছেন তিনি খল চরিত্রে। রীতিমতো তিনি ছিলেন সিনেমার ভয়ংকর মানুষ। তার দুর্দান্ত অভিনয় ও জনপ্রিয় সংলাপগুলো ছিলো সিনেমার সাফল্যের ম্যাজিক। সোমবার (৬ এপ্রিল) দাপুটে এই অভিনেতার জন্মদিন।
এইদিনে তিনি নিজের অনুভূতি প্রকাশ করেছেন ছেলের সঙ্গে ছবি পোস্ট করে। ডিপজল লিখেছেন, আজ আমার জন্মদিনে আমার সন্তানরা যেভাবে আমাকে ভালোবাসা দিয়ে ঘিরে রেখেছে, তাতে আমার হৃদয় ভরে গেছে। আমার একটাই দোয়া—আল্লাহ যেন আমার সন্তানদের উজ্জ্বল ভবিষ্যৎ, সুস্বাস্থ্য এবং জীবনের প্রতিটি ক্ষেত্রে সফলতা দান করেন।
তিনি আরও লেখেন, তারা যেন সততা, আদর্শ আর মানবিকতায় বড় হয় এবং নিজেদের স্বপ্ন পূরণ করতে পারে। সন্তানদের ভালো মানুষ হিসেবে গড়ে উঠতে দেখাই আমার সবচেয়ে বড় সুখ। সবসময় আমার দোয়া ও ভালোবাসা তোমাদের সঙ্গে আছে। অনেক ভালোবাসি তোমাদের।
১৯৬২ সালের এইদিনে জন্মগ্রহণ করেন ডিপজল। ‘সতী কমলা’ সিনেমায় প্রথম নায়কের ভূমিকায় অভিনয় করেন তিনি। ‘টাকার পাহাড়’, ‘হাবিলদার’, ‘ডাকাত’সহ বেশকিছু সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে তাকে। কাজী হায়াৎ পরিচালিত ‘তেজী’ সিনেমায় প্রথম খল চরিত্রে অভিনয় করে আলোচনায় আসেন ব্যতিক্রমী ঢঙে সংলাপ বলা এ অভিনেতা।
এরপর অসংখ্য ব্যবসাসফল সিনেমায় খল চরিত্রে অভিনয় করেন তিনি। বিশেষ করে নায়ক মান্নার সঙ্গে তার জুটি ছিল তুমুল জনপ্রিয়।
একজন প্রযোজক হিসেবেও সফল ডিপজল। অসংখ্য সিনেমা তিনি প্রযোজনা করে সাফল্য পেয়েছেন। করেছেন হল ব্যবসাও। শিল্পী সমিতির নেতৃত্বও দিয়ে যাচ্ছেন বেশ শক্ত হাতে।
বর্তমানে ডিপজল অভিনীত ও প্রযোজিত বেশ কয়েকটি সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে।

