logo

চার নায়িকাকে নিয়ে রাফির ‘প্রেশার কুকার’, দিলেন বিশেষ বার্তা 

চার নায়িকাকে নিয়ে রাফির ‘প্রেশার কুকার’, দিলেন বিশেষ বার্তা 

বর্তমান সময়ের অন্যতম দর্শকপ্রিয় নির্মাতা রায়হান রাফি। এ পর্যন্ত তিনি যতগুলো সিনেমা বানিয়েছেন, বলা যায় সবগুলোই হয়েছে আলোচিত। আবার তার সিনেমাগুলোর মধ্যে একটি কমন ফ্যাক্টরও আছে, তা হলো সত্য ঘটনা অবলম্বনে নির্মাণ। যদিও মুক্তির আগে বরাবরই সেই বিষয়টি অস্বীকার করেন এই নির্মাতা। কিন্তু সিনেমা মুক্তির পর কারও আর বুঝতে বাকি থাকে না। তবে নির্মাণের মুনশিয়ানায় পুরো বিষয়টি নিজের আয়ত্তে রেখে দেন, প্রশংসা কুড়িয়ে থাকেন ফুরফুরে মেজাজে।

এদিকে আসছে ঈদুল ফিতরকে সামনে রেখে বহুল আলোচিত সিনেমা ‘প্রেশার কুকার’–এর ফার্স্ট অফিশিয়াল পোস্টার প্রকাশ করেছেন নির্মাতা রায়হান রাফি। সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্টারটি শেয়ার করে তিনি জানান, দেখা হচ্ছে ঈদুল ফিতরে, আপনার কাছের সিনেমা হলে।

পোস্টারে একসঙ্গে দেখা গেছে চার নারী চরিত্রকে- চিত্রনায়িকা শবনম বুবলী, ‘হাওয়া’ খ্যাত নাজিফা তুষি, স্নিগ্ধা চৌধুরী ও মারিয়া চৌধুরী। নায়কবিহীন এই সিনেমার ভিজুয়ালেই স্পষ্ট করে দেওয়া হয়েছে, গল্পের কেন্দ্রে থাকছেন নারীরাই।

পোস্টার প্রকাশের সঙ্গে দেওয়া বার্তায় রাফি লেখেন, এই ঢাকা শহর আসলে মেয়েদের জন্য একটা প্রেশার কুকার। তাদের চিৎকার সহ্য না করতে পারলে এই প্রেশার কুকারে সিটি বেজে ওঠে। না তারা এই শহর থেকে বের হতে পারে, না এই শহর তাদের থেকে।

একই সঙ্গে তিনি উল্লেখ করেন, এই সিনেমার মাধ্যমে বাণিজ্যিক বাংলা সিনেমায় নতুন এক ধারা তৈরি করার আশা করছেন তিনি।

প্রযোজনা প্রতিষ্ঠান ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে নির্মিত ছবিটি প্রযোজনা করছেন ফরিদুর রেজা সাগর ও রায়হান রাফি। 

জানা গেছে, ঢাকার নাগরিক জীবনের চাপ, সামাজিক দ্বন্দ্ব ও ব্যক্তিগত সংগ্রাম- এই বাস্তবতার ভেতর দিয়ে চার নারীর ভিন্ন ভিন্ন যাত্রা তুলে ধরা হবে সিনেমায়।

ঢালিউডে যেখানে এখনো নায়কনির্ভর গল্পই বেশি দেখা যায়, সেখানে ‘প্রেশার কুকার’ পুরোপুরি নারী চরিত্রকে সামনে এনে নির্মিত হওয়ায় স্বাভাবিকভাবেই কৌতূহল তৈরি হয়েছে দর্শকমহলে।