শাকিবের ‘মহব্বত’-এর চিত্রনাট্য লিখেছেন আরএনআরখ্যাত রাকিব

সিনেমার খুঁটিনাটি বিশ্লেষণ করে ইউটিউবে পরিচিতি পেয়েছেন রাশেদুজ্জামান রাকিব। দর্শকের কাছে তিনি বেশি পরিচিত ‘আরএনআর’ নামে। এবার সিনেমা নিয়ে আলোচনা-সমালোচনার বাইরে গিয়ে সরাসরি চলচ্চিত্র নির্মাণের সঙ্গে যুক্ত হচ্ছেন তিনি। চিত্রনাট্যকার হিসেবে তার অভিষেক হতে যাচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’ দিয়ে।
সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। এর চিত্রনাট্য লিখছেন রাকিব নিজেই। মঙ্গলবার (১৩ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টারের মাধ্যমে নতুন এই যাত্রার খবর জানান তিনি। একই পোস্ট প্রকাশ করেছেন নির্মাতা হিমেল আশরাফও।
পোস্টারে রাকিবের নতুন ভূমিকা তুলে ধরে বলা হয়েছে, এত দিন সিনেমাকে বিশ্লেষণের চোখে দেখেছেন তিনি। এবার সেই ভালোবাসা থেকেই গল্প লেখার পথে হাঁটছেন। ‘মহব্বত’ দিয়েই শুরু হচ্ছে তার চিত্রনাট্য লেখার যাত্রা।
ইউটিউবে সিনেমার নানা দিক নিয়ে রাকিবের বিশ্লেষণ নিয়মিতই দর্শকের মনোযোগ পায়। এবার তার লেখা চিত্রনাট্যে শাকিব খানকে পর্দায় দেখার খবরে আগ্রহ তৈরি হয়েছে সিনেমাপ্রেমীদের মধ্যে। যারা এত দিন তার বিশ্লেষণ শুনেছেন, তাদের কাছে নতুন কৌতূহল- চলচ্চিত্রের গল্পকার হিসেবে কেমন চমক দেখান তিনি।
এর আগে হিমেল আশরাফের পরিচালনায় ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমায় অভিনয় করেছেন শাকিব খান। দুটি সিনেমাই দর্শকের মধ্যে আলোচনার জন্ম দিয়েছিল। নতুন সিনেমা ‘মহব্বত’-ও প্রযোজনা করছে ভার্সেটাইল মিডিয়া। ফলে আগের দুই সিনেমার পর এই জুটির সামনে আরেকটি সাফল্যের প্রত্যাশা থাকছে।
এদিকে ‘মহব্বত’-এ শাকিব খানের বিপরীতে কে অভিনয় করবেন, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। সিনেমাটিতে পাকিস্তানের জনপ্রিয় কোনো অভিনেত্রীকে দেখা যেতে পারে- এমন গুঞ্জন ছড়ালেও নির্মাতারা তা নাকচ করেছেন। নায়িকা ও অন্যান্য অভিনয়শিল্পীর বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণার জন্য অপেক্ষা করতে বলেছেন সংশ্লিষ্টরা।
রাকিবের চিত্রনাট্যে শাকিব খানের নতুন সিনেমাটি কেমন হবে, তা জানতে এখন অপেক্ষা করতে হবে দর্শকদের। সিনেমা বিশ্লেষক হিসেবে পরিচিত মুখটি এবার গল্পকার হিসেবে কতটা সাড়া ফেলতে পারেন, সেটিও হয়ে উঠেছে ‘মহব্বত’ ঘিরে আগ্রহের অন্যতম কারণ।