logo
Advertisement

‘আন্ধার’-এর পোস্টারের নেপথ্যেই দুই দিনের আয়োজন

এশিয়া পোস্ট বিনোদন
‘আন্ধার’-এর পোস্টারের নেপথ্যেই দুই দিনের আয়োজন

ঢালিউডে ভৌতিক ও সুপারন্যাচারাল থ্রিলার ঘরানার সিনেমা নিয়ে দর্শকের আগ্রহ এবার যেন নতুন করে সামনে আসছে। সেই আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে নির্মাতা রায়হান রাফীর নতুন সিনেমা ‘আন্ধার’। বড় বাজেটের এই সিনেমার প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশের পর এবার সামনে এসেছে ৩২ সেকেন্ডের একটি ‘বিহাইন্ড দ্য সিন’ ভিডিও। এতে পোস্টার তৈরির নেপথ্যের নানা মুহূর্ত উঠে আসায় সিনেমাটি ঘিরে দর্শকের কৌতূহল আরও বেড়েছে।

Advertisement

সম্প্রতি সিনেমাটির প্রথম অফিসিয়াল পোস্টার প্রকাশ করেন নির্মাতা। পোস্টার প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিকমাধ্যমে ‘আন্ধার’-এর পোস্টার ফটোশুটের নেপথ্যের ভিডিওটি প্রকাশ করা হয়। এর আগে সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করা শিল্পীদের লুক একে একে প্রকাশ করা হয়েছিল। ফলে টিজার-ট্রেলারের অপেক্ষায় থাকা দর্শকদের মধ্যে সিনেমাটির গল্প ও চরিত্র নিয়ে তৈরি হয়েছে নানা আলোচনা।

রায়হান রাফী জানান, পোস্টার তৈরির পেছনের গল্প দর্শকদের সামনে তুলে ধরতেই এই ভিডিও প্রকাশ করা হয়েছে। ভিডিওর শুরুতে দেখা যায় কর্মব্যস্ত ও উৎসবমুখর একটি শুটিং সেট। মেকআপ রুমে চলছে শিল্পীদের চরিত্র অনুযায়ী প্রস্তুতির কাজ। মেকআপ আর্টিস্ট মোহাম্মদ তারেকের নিপুণ হাতের ছোঁয়ায় ক্যামেরার সামনে প্রস্তুত হচ্ছেন অভিনয়শিল্পীরা।

এরপর ক্যামেরার সামনে দেখা যায় চঞ্চল চৌধুরী, সিয়াম আহমেদ ও নাজিফা তুষিকে। সাদা পোশাকে তাদের লুক, চোখেমুখের অভিব্যক্তি এবং সেটের পরিবেশে ফুটে ওঠে রহস্যময় ও গা ছমছমে আবহ।

ভিডিওতে আরও রয়েছে লাইট, ক্যামেরা, নির্মাতার নির্দেশনা এবং ক্রু সদস্যদের ব্যস্ততার দৃশ্য। একটি সাধারণ স্টুডিওকে কীভাবে অলৌকিক ও রহস্যময় আবহে রূপ দেওয়া হয়েছে, তারই সংক্ষিপ্ত ঝলক দেখা যায় ভিডিওটিতে। শেষ মুহূর্তে প্রকাশ পায় ‘আন্ধার’-এর বহুল আলোচিত পোস্টারের চূড়ান্ত রূপ।

ভিডিওটি প্রকাশ করে দর্শকদের সাড়ার জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন রায়হান রাফী। তিনি জানান, পোস্টার ফটোশুটের জন্য টানা দুই দিন বড় পরিসরে কাজ করা হয়েছে। এরপর সময় নিয়ে কনসেপ্ট অনুযায়ী তৈরি করা হচ্ছে সিনেমাটির প্রতিটি পোস্টার।

নির্মাতা আরও জানিয়েছেন, সামনে ‘আন্ধার’ নিয়ে প্রকাশ হবে আরও নতুন পোস্টার, টিজার ও ট্রেলার। পাশাপাশি দর্শকদের জন্য থাকবে আরও নানা চমক।

বিশাল বাজেটের এই সিনেমার গল্প তুলে এনেছেন শাকিব চৌধুরী, বেজবাবা সুমন ও আদনান আদিব খান। এতে সিয়াম আহমেদ, চঞ্চল চৌধুরী ও নাজিফা তুষি ছাড়াও অভিনয় করেছেন মোস্তফা মনওয়ার, ফররুখ আহমেদ রেহান, আফসানা মিমি, গাজী রাকায়েত ও তানজিকা আমিনসহ আরও অনেকে।

সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে পারে ‘আন্ধার’। এরই মধ্যে পোস্টার ও বিহাইন্ড দ্য সিন ভিডিও প্রকাশের মধ্য দিয়ে সিনেমাটি ঘিরে দর্শকের আগ্রহ যে আরও বাড়ছে, তা স্পষ্ট।

‘আন্ধার’-এর পোস্টারের নেপথ্যেই দুই দিনের আয়োজন