Advertisement

বারবার পিতৃত্বের খবর আড়াল, শাকিবের ইমেজ কি সংকটে?

বারবার পিতৃত্বের খবর আড়াল, শাকিবের ইমেজ কি সংকটে?
সম্প্রতি সাংবাদিকদের সামনে শাকিব খান

ঢাকাই সিনেমার ‘কিং খান’ খ্যাত শাকিব খানের ব্যক্তিজীবন যেন এক রহস্যের ঘেরাটোপ। ক্যারিয়ারে একের পর এক ব্যবসাসফল সিনেমা উপহার দিলেও নিজের ব্যক্তিগত অধ্যায়গুলো সবসময়ই আড়ালে রাখতে চেয়েছেন সময়ের শীর্ষ এই তারকা। কিন্তু প্রতিবারই সেই চেষ্টা ব্যর্থ হয়েছে।

অপু বিশ্বাসের মাধ্যমে প্রথম শাকিবের গোপন সংসারের খবর প্রকাশ্যে আসে। দীর্ঘ ৯ বছরের বৈবাহিক জীবন আড়ালে রাখার পর সন্তানকে কোলে নিয়ে লাইভ অনুষ্ঠানে হাজির হন অপু। তৎকালীন সময়ে সহশিল্পী শবনম বুবলীর সঙ্গে শাকিবের ঘনিষ্ঠতাই অপুকে বাধ্য করেছিল সেই চরম সিদ্ধান্ত নিতে। শাকিব তখন বিষয়টি সহজে মেনে না নিলেও অপুর সাহসী ভূমিকার কাছে শেষ পর্যন্ত নতি স্বীকার করতে বাধ্য হন। যদিও এর খেসারত হিসেবে তাদের বৈবাহিক সম্পর্কের ইতি ঘটে।

ইতিহাসের পুনরাবৃত্তি ঘটে শবনম বুবলীর ক্ষেত্রেও। শাকিবের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই হঠাৎ আড়ালে চলে যান বুবলী। পরে সন্তানসহ ফিরে এসে ঘোষণা দেন, শাকিব খানই তার সন্তানের বাবা। বুবলীর কান্নাভেজা সেই আকুতি প্রমাণ করেছিল, সন্তানের সামাজিক স্বীকৃতি পেতেই তাকে এই কঠিন পরিস্থিতি পার করতে হয়েছিল।

পরবর্তীতে দুই সন্তানের সঙ্গেই শাকিবকে সময় কাটাতে দেখা গেলেও বুবলীর সঙ্গে তার দূরত্ব স্পষ্ট হয়ে ওঠে। এরই মাঝে বুবলীর ‘বেবি বাম্প’ এবং কন্যাসন্তানের জন্মসংক্রান্ত নতুন গুঞ্জন সামাজিক যোগাযোগমাধ্যমে আলোড়ন সৃষ্টি করে। শুক্রবার (৫ জুন) ফেসবুকে এই নায়িকা জানান, ১১ মে কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন শাকিব-বুবলী। কিন্তু শাকিব খান এখনও বিষয়টি নিয়ে চুপ।

প্রশ্ন উঠেছে, বাবা হওয়ার মতো আনন্দের খবর কেন বারবার আড়াল করতে চান শাকিব? ঢাকাই সিনেমার ইতিহাস ঘেঁটে দেখা যায়, ঢালিউডে নায়ক রাজ রাজ্জাক থেকে শুরু করে অনেক বড় তারকাই স্ত্রী-সন্তান নিয়ে ক্যারিয়ারের শীর্ষে অবস্থান করেছেন। সেখানে শাকিবের এই নীরবতা এবং পরবর্তীতে স্ত্রীদের মাধ্যমে খবর প্রকাশের সংস্কৃতি তার ভক্তদের হতাশ করছে। বারবার পারিবারিক জীবনের এই প্রকাশ্য টানাপোড়েন আঞ্চলিক মেগাস্টার শাকিব খানের এত বছরের অর্জিত জনপ্রিয়তার ওপর নেতিবাচক প্রভাব ফেলছে—তা এখন আর বলার অপেক্ষা রাখে না।