নায়িকা হতে পেরেই গর্বিত মিষ্টি জান্নাত

বাংলাদেশের চলচ্চিত্র অঙ্গনের অত্যন্ত পরিচিত মুখ মিষ্টি জান্নাত। অভিনয়, চিকিৎসা পেশা ও ব্যবসা—সব মিলিয়ে বহুমাত্রিক পরিচয় থাকলেও নিজেকে সবার আগে একজন নায়িকা হিসেবেই দেখতে পছন্দ করেন তিনি। এমনটাই জানিয়েছেন এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ দেওয়া একান্ত সাক্ষাৎকারে।
পুরো নাম জান্নাতুল ফেরদৌস মিষ্টি হলেও দর্শকদের কাছে তিনি পরিচিত মিষ্টি জান্নাত নামেই। আলোচনায় থাকা এই চিত্রনায়িকার নামের সঙ্গে যুক্ত রয়েছে ‘ডা.’ উপাধিও। তবে চিকিৎসক পরিচয়ের চেয়ে নায়িকা পরিচয়ই তাকে বেশি গর্বিত করে বলে জানান তিনি।
এশিয়া পোস্টের ঈদুল আজহার বিশেষ আয়োজন ‘এপি স্টার’-এ একান্ত আলাপচারিতায় উঠে এসেছে পর্দার বাইরের বিভিন্ন ব্যক্তিগত বিষয়। এ সময় উপস্থাপিকা আরশিয়া আলমের সঙ্গে ব্যক্তিগত খুনসুঁটিতে মেতে ওঠেন তিনি। তিনি বলেন, ‘সবাই তো আমাকে চেনে নায়িকা হিসেবে। একজন ডাক্তারকে কয়জন চেনে? আমি মিষ্টি জান্নাত হতে পেরে গর্বিত।’
চিকিৎসক পরিচয় নিয়ে নানা প্রশ্ন ও সমালোচনার মুখোমুখি হলেও বিষয়টি নিয়ে নিজের অবস্থানও স্পষ্ট করেন তিনি। তার ভাষ্য, মানুষ তাকে মূলত ‘ডা. মিষ্টি জান্নাত’ নয়; বরং একজন নায়িকা হিসেবেই চেনে এবং সেভাবেই মূল্যায়ন করে।
সমাজে নায়িকা পেশাকে ঘিরে নেতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়েও কথা বলেন মিষ্টি। তার মতে, অভিনয়কে ছোট করে দেখার কোনো সুযোগ নেই। যোগ্যতা ও পরিশ্রম থাকলেই কেবল একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হওয়া সম্ভব।
২০১৪ সালে শাহাদাৎ হোসেন লিটন পরিচালিত ‘লাভ স্টেশন’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় মিষ্টি জান্নাতের। এরপর ‘চিনি বিবি’সহ একাধিক সিনেমায় অভিনয় করেছেন তিনি। পাশাপাশি রাজধানীর শিকদার মেডিকেল কলেজ থেকে চিকিৎসাশাস্ত্রে ডিগ্রি অর্জন করে চিকিৎসা পেশাও চালিয়ে যাচ্ছেন এই অভিনেত্রী।
