logo

চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছিল পরী মণিকে

চরিত্রের প্রয়োজনে ওজন বাড়াতে হয়েছিল পরী মণিকে
‘রঙিলা কিতাব’ ওয়েব সিরিজের জন্য ওজন বাড়িয়েছিলেন চিত্রনায়িকা পরী মণি। ছবি: সংগৃহীত

সিনেমার তারকারা পর্দায় নিজেকে চরিত্রের সঙ্গে খাপ খাইয়ে নিতে অনেক পরিশ্রম করেন। পর্দার বাইরের তাদের বাস্তব জীবনের সেসব গল্প, নানা ঘাত-প্রতিঘাত আড়ালেই থেকে যায় অনেক সময়। তবে মিডিয়ায় একান্ত আড্ডায় অনেক সময় ব্যক্তিগত কথার ঝাঁপি খুলে বসেন তারকারা। তেমনি এক আড্ডায় ছিলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা পরী মণি।

এশিয়া পোস্টের ঈদুল আজহার বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ সিনেমা ও ব্যক্তিগত বিষয়ে আলাপের এক পর্যায়ে পরী মণি অকপটে স্বীকার করেন, চরিত্রের জন্য তাকে ওজন বাড়াতে হয়েছিল। উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আড্ডায় সিনেমায় আসার আগে-পরের অনেক অজানা কথা খোলামেলাভাবে বলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পরী মণি।

প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’-এ একজন অন্তঃসত্ত্বার চরিত্রে অভিনয় করার সময় নিজের ওজন বাড়াতে হয়েছিল। চরিত্রটি করার সময় পরী মণি নিজের প্রেগনেন্সির সময়টিকে অনুভব ও অনুধাবন করেন। সে সময় পরিচালকের বাধানিষেধ না থাকলেও শুধু চরিত্রকে ফুটিয়ে তুলতে তিনি ওজন বাড়িয়েছিলেন।

উপস্থাপিকা মৌসুমী হামিদের এক প্রশ্নের জবাবে চিত্রনায়িকা জানান, প্রেগনেন্সির সময় শারীরিক অনেক সমস্যা হয়। মা হওয়ার পর হয়তো মানসিকভাবে লুকানো যায়; কিন্তু শারীরিকভাবে সেটা দৃষ্টিগোচর থাকে।

পরী মণি বলেন, ‘ওয়েবটিতে আমার ক্যারেক্টার ছিল একজন প্রেগনেন্ট মায়ের। তখন পরিচালকের কাছে চরিত্রের সঙ্গে মানানসই হতে একটু সময় চাই। তার কাছ থেকে কোনো বিধিনিষেধ ছিল না। ওজন বা লুক নিয়েও তার কোনো সমস্যা ছিল না। তবুও আমি ওজন বাড়িয়েছিলাম চরিত্রের জন্য।’

বাংলাদেশি সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরী মণির ‘রঙিলা কিতাব’ ২০২৪ সালে ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ে মুক্তি পায়। কিংকর আহসানের লেখা উপন্যাস অবলম্বনে নির্মিত ওয়েব সিরিজটি পরিচালনা করেন অনম বিশ্বাস। এতে পরীমণি একজন অন্তঃসত্ত্বা স্ত্রীর চরিত্রে অভিনয় করেছেন, যার স্বামী অপরাধ জগৎ ছেড়ে বাঁচতে চাইলেও খুনের মিথ্যা অভিযোগে পালিয়ে বেড়ান।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্বদের একজন পরী মণি। ফেসবুকে তার ফলোয়ার দেড় কোটির বেশি। সিনেমায় আসার পর কিছুটা প্রতিবন্ধকতার মধ্যে পড়লেও নিজের অদম্য সাহস, গ্ল্যামার, স্পষ্টবাদিতা এবং অভিনয়শৈলী দিয়ে পরী মণি বাংলাদেশের সিনেমা ভুবনে এক অনবদ্য ও আলোচিত নাম হয়ে ওঠেন।