উৎসবের পথেই হাঁটছে ‘বনলতা এক্সপ্রেস’, ১ কোটি টাকার টিকিট বিক্রি

ঈদের আনন্দকে বাড়িয়ে দিতে এবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে পাঁচটি চলচ্চিত্র। যেগুলোর মাঝে অল্প সময়ে দর্শক মহলে বেশ সাড়া ফেলেছে ‘বনলতা এক্সপ্রেস’। দর্শকদের প্রশংসার পাশাপাশি বক্স অফিসেও রমরমা আয় করছে ছবিটি।
প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, মাত্র চার দিনেই ছবিটি ১ কোটি টাকারও বেশি টিকিট বিক্রি করেছে। স্টার সিনেপ্লেক্সের সব শাখা থেকে চার দিনে মোট ৮৫ লাখ এবং ব্লকবাস্টার সিনেমাসে ১৫ কোটি ৩ লাখেরও বেশি টাকা ঘরে তুলেছে সিনেমাটি।
এর আগে মুক্তির প্রথম দিনে সিনেমাটি খাতা খোলে ১৮ দশমিক ৫৪ লাখ টাকার টিকিট বিক্রি করে। দ্বিতীয় দিনে বিক্রি হয় ২২ দশমিক ২৬ লাখ। আর তৃতীয় দিনে সিনেমাটি আয় করে ২৮ দশমিক ৮৯ লাখ টাকা। মুক্তির দিন থেকে প্রতিদিনই বেশ অনেকটা করে এগিয়েছে সিনেমাটির আয়।
নির্মাতা তানিম নূর পরিচালিত এই সিনেমাটি হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস থেকে অনুপ্রাণিত। একটি ট্রেনযাত্রাকে ঘিরে এগোনো গল্পে যাত্রীদের জীবনের নানা দিক উঠে এসেছে।
সিনেমাটিতে অভিনয় করেছেন মোশাররফ করিম, চঞ্চল চৌধুরী, শরিফুল রাজ, সাবিলা নূর ও আজমেরী হক বাঁধনসহ আরও অনেকে।
এর আগে গেল ঈদুল আজহায় নব্বই দশকের গল্প, একঝাঁক তারকাশিল্পীর অভিনয় আর নির্মাণ মিলিয়ে চমকে দিয়েছিল তানিম নূরের সিনেমা ‘উৎসব’।