পূজায় প্রেক্ষাগৃহে ‘কাট-পিস’

গার্মেন্টের ঝুট ব্যবসা। বাইরে থেকে সাধারণ একটি ব্যবসা মনে হলেও এর সঙ্গে জড়িয়ে আছে টাকা, ক্ষমতা, আধিপত্য আর সংঘাতের নানা গল্প। সেই জগতের গল্পই এবার বড় পর্দায় তুলে ধরেছেন নির্মাতা ইফফাত জাহান মম। তার পরিচালিত সিনেমা ‘কাট-পিস’ মুক্তি পেতে যাচ্ছে এই পূজায়। আগামী ১৬ অক্টোবর প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি।
পোশাকশিল্পের ঝুট ব্যবসাকে কেন্দ্র করে নির্মিত হয়েছে সিনেমাটি। ঝুটকে অনেক সময় ‘কাট-পিস’ নামেও ডাকা হয়। রাজধানীর মিরপুরের ঝুটপট্টিকে ঘিরে নির্মিত এই সিনেমার গল্পে উঠে আসবে এই ব্যবসার নিয়ন্ত্রণ, আধিপত্য ও সংঘাতের নানা দিক। তবে নির্মাতা জানিয়েছেন, সিনেমাটি কোনো নির্দিষ্ট ব্যক্তি বা সত্য ঘটনা অবলম্বনে তৈরি নয়।
‘কাট-পিস’ ইফফাত জাহান মমর প্রথম সিনেমা। এর আগে মিউজিক ভিডিও, নাটক ও ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন তিনি। ঝুট মার্কেট ঘুরে দেখার অভিজ্ঞতা থেকেই সিনেমাটি নির্মাণের ভাবনা আসে তার। নির্মাতার ভাষ্য, ঝুটপট্টির পুরো ব্যবসার মধ্যে রাজনীতি ও ক্ষমতার খেলা রয়েছে, যা তাকে সিনেমাটি বানাতে আগ্রহী করে। অ্যাকশন ঘরানার গল্প হলেও এতে থাকছে প্রেমের গল্পও।
সিনেমাটির কেন্দ্রীয় দুই চরিত্র তাজ ও মালা। এই দুই চরিত্রে অভিনয় করেছেন সিফাত আমিন শুভ ও রাফাহ নানজীবা তোরসা। সিফাত আমিন শুভর এটি প্রথম সিনেমা। অন্যদিকে ‘কাট-পিস’ দিয়েই বড় পর্দায় অভিষেক হচ্ছে রাফাহ নানজীবা তোরসার। সিনেমায় খল চরিত্রে দেখা যাবে ইমরান আহমেদ সওদাগরকে। আরও অভিনয় করেছেন এলিনা শাম্মী, বাপ্পী আশরাফ, সাইফুল কবির, শাহজাদা সম্রাট ও সামি দোহা।
সিনেমাটির শুটিং হয়েছে বাস্তব লোকেশনে। মিরপুরের ঝুটের গোডাউনসহ বিভিন্ন জায়গায় টানা ১১ দিনে শুটিং শেষ করা হয়। অ্যাকশন দৃশ্যগুলোতেও ডামি ব্যবহার না করে অভিনয়শিল্পীরাই অংশ নিয়েছেন বলে জানিয়েছিলেন নির্মাতা।
এর আগে ২০২৬ সালের রোজার ঈদে সিনেমাটি মুক্তির পরিকল্পনা ছিল। সে সময় ‘কাট-পিস’কে ঈদের সম্ভাব্য সিনেমার তালিকাতেও রাখা হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই সময়ে মুক্তি পায়নি ছবিটি।
এবার নতুন করে মুক্তির তারিখ ঘোষণা করা হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান ব্ল্যাক পেপার ফিল্মসের ব্যানারে নির্মিত ‘কাট-পিস’ আগামী ১৬ অক্টোবর দেশের বিভিন্ন মাল্টিপ্লেক্স ও সিঙ্গেল-স্ক্রিন প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। সিনেমাটি পরিচালনার পাশাপাশি প্রযোজনাও করেছেন ইফফাত জাহান মম।