ঈদুল ফিতরে এমডি ইকবালের ‘গুলশানের চামেলি’

রাজনীতি ও এলিট সোসাইটির পতিতাবৃত্তি নিয়ে নির্মিত হতে যাচ্ছে ‘গুলশানের চামেলি’ নামে একটি সিনেমা। এটি নির্মাণ করবেন এমডি ইকবাল। এক্সেল ফিল্মসের ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন জাহাঙ্গীর সিকদার।
রাজনীতির পাশাপাশি অভিজাতশ্রেণির অপরাধমূলক কর্মকাণ্ড দেখানো হবে ‘গুলশানের চামেলি’ সিনেমাটিতে।
সিনেমাটি নিয়ে নির্মাতা ইকবাল বলেন, সিনেমার গল্পে একের পর এক টুইস্ট থাকবে। আব্দুল্লাহ জহির বাবু দারুণভাবে গল্পটি লিখেছেন। এর শিল্পীদের নিয়েও চমক রাখছি। তবে এখনই সেটি বলতে চাই না। তবে অন্ধকার জগতের গল্প বড় আঙ্গিকে দেখানো হবে। যেহেতু ঈদের সিনেমা। দর্শকরা উৎসবের সময় ভালো গল্পের সিনেমা চান। সিনেমাটি দর্শকের সেই চাহিদা মেটাতে সক্ষম হবে বলে আশা করি।
এমডি ইকবাল প্রযোজক হিসেবেই সুপরিচিত। ‘ভালোবাসলেই ঘর বাঁধা যায় না’, ‘পাসওয়ার্ড’, ‘শুটার’, ‘বীর’সহ বেশ কিছু সিনেমা প্রযোজনা করেছেন ইকবাল। ‘গুলশানের চামেলি’র আগে তিনি ‘ডেডবডি’, ‘কিল হিম’ ও ‘রিভেঞ্জ’-এর মতো সিনেমায় পরিচালনার দায়িত্বে ছিলেন।





