logo

পর্দার নায়ক নয়, বাস্তবের মানুষই টানে পরী মণিকে

পর্দার নায়ক নয়, বাস্তবের মানুষই টানে পরী মণিকে
ঢালিউড বিউটি কুইন পরীমনি। ছবি: সংগৃহীত

কিশোরী-তরুণীদের হৃদয়ে সিনেমা বা নাটকের নায়কদের প্রতি দুর্বলতা থাকে সব সময়। বেশিরভাগ তরুণীই বাস্তবে নায়কদের মতো জীবনসঙ্গী প্রত্যাশা করে। তবে ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরী মণির কখনোই কোনো নায়কের প্রেমে পড়ার ইচ্ছা জাগেনি।

এশিয়া পোস্টের ঈদুল আজহার বিনোদন অনুষ্ঠান ‘এপি স্টার’-এ পর্দার নায়কদের সঙ্গে বাস্তবে প্রেম নিয়ে খোলামেলা কথা বলেন ঢাকাই সিনেমার গ্ল্যামারাস নায়িকা পরী মণি।

উপস্থাপিকা মৌসুমী হামিদের সঙ্গে আড্ডার এক পর্যায়ে অভিনেত্রী জানান, কোনো নায়কের সঙ্গে প্রেম করার ইচ্ছা তার কখনোই হয়নি। এমনকি তার মাথাতেই আসেনি যে, হিরোর প্রেমে পড়তে হবে।

সুপারস্টার শাকিব খানকে ঘিরে সব সময় নায়িকাদের সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়। ক্যারিয়ারের শুরুর দিকে দুটি সিনেমায় একসঙ্গে অভিনয় করলেও পরী মণির সঙ্গে নায়কের প্রেম নিয়ে কোনো কথা ওঠেনি। এ প্রসঙ্গে পরী মণি বলেন, ‘তখন ক্যারিয়ারের শুরু। প্রেম হলেও হতে পারত, তবে হয়নি। আর হবেও না। হিরোর সঙ্গে যে বাস্তবে প্রেম করতে হবে, এমনটা কখনো মাথাতেই আসেনি।’

নায়কদের প্রেমে না পড়লেও পরী মণি এমন একজনের প্রেমে পড়েছিলেন, যাকে তিনি কখনো হিরো হিসেবেই দেখেননি। এ বিষয়ে নায়ক চরিত্র না দেখে মানুষকেই দেখেন বলে জানান এই ঢালিউড বিউটি কুইন।

সামাজিকমাধ্যম ফেসবুকে দেশের সবচেয়ে বড় ব্যক্তিত্বদের একজন অভিনেত্রী পরী মণি। প্রায় দেড় কোটির বেশি ভক্ত তাকে ফেসবুকে অনুসরণ করেন।

সিনেমা নিয়ে সেভাবে আলোচনায় আসতে না পারলেও সর্বাধিক অনুসারী থাকায় পরী মণি বিভিন্ন বিষয় নিয়ে মাঝেমধ্যেই আলোচনার তুঙ্গে থাকেন।