ট্রেন্ডিংয়ে শীর্ষে শাকিবের ‘প্রিন্স’-এর টিজার

ঢাকাই সিনেমার মেগাস্টার শাকিব খান। নতুন লুক নিয়ে নতুন নতুন সিনেমা নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন এই নায়ক। আসছে ঈদে মুক্তি পাবে তার ‘প্রিন্স’ সিনেমাটি। ইতোমধ্যে ছবিটির মুক্তি উপলক্ষে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। সে ধারাবাহিকতায় এবার প্রকাশ পেল ‘প্রিন্স’র টিজার। প্রকাশের কিছুক্ষণের মধ্যেই ফেসবুকে ট্রেন্ডিংয়ে উঠে আসেন কিং খান। বর্তমানে এটি ইউটিউবের মুভি ট্রেন্ডিং চার্টে এক নম্বর অবস্থানে রয়েছে।
আবু হায়াত মাহমুদ পরিচালিত সিনেমাটির টিজারটি শুরু হয় ঢাকার এক গা ছমছমে অন্ধকার জগতের বর্ণনা দিয়ে। ব্যাকগ্রাউন্ডে গম্ভীর ভয়েসওভারে শাকিব বলেন, ঢাকার এই আন্ডারওয়ার্ল্ডে হাজার হাজার শিয়াল ঘুরে বেড়ায়, কিছু থাকে ভয়ংকর নেকড়ে।
লম্বা চুল, চোখে সানগ্লাস এবং হাতে বিশাল এক ‘মিনিগান’ নিয়ে ধরা দিয়েছেন শাকিব। পুরো টিজারজুড়ে ছিল আধুনিক মানের অ্যাকশন কোরিওগ্রাফি। বিশেষ করে হ্যান্ড-টু-হ্যান্ড কমব্যাটে শাকিবকে যেভাবে অনেক শত্রুর বিরুদ্ধে লড়তে দেখা গেছে, তা ছিল নিখুঁত।
টিজারের শেষে শাকিব কিলার লুকে বলেন, আমার সাথে যে ধান্দা করবে তার জন্য মিষ্টি, আর আমার শত্রুর সাথে যে ধান্দা করবে তার জন্য বুলেটের বৃষ্টি। নামটা মনে রেখো... প্রিন্স।
পুরো প্রি ব্লাস্টে আগ্রাসী ভঙ্গিতে দেখা গেছে শাকিবকে। এক ঝলক দেখা গেছে তাসনিয়া ফারিণ ও জ্যোতির্ময়ী কুণ্ডুকে। বলিউডের জনপ্রিয় সিরিজ ‘মির্জাপুর’ খ্যাত অভিনেতা দিব্যেন্দু ভট্টাচার্যকে গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়েছে।
ছবিতে ‘দিলরুবা’ চরিত্রে অভিনয় করছেন তাসনিয়া ফারিণ। আরও দেখা যাবে টলিউডের জ্যোতির্ময়ী কুণ্ডু, ঢালিউডের নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম, ইন্তেখাব দিনার প্রমুখকে।
ক্রিয়েটিভ ল্যান্ড-এর ব্যানারে সিনেমাটি প্রযোজনা করছেন শিরিন সুলতানা। মেজবাহ উদ্দিন সুমনের গল্পে সিনেমাটির চিত্রনাট্য করেছেন মেজবাহ উদ্দিন সুমন ও মোহাম্মদ নাজিম উদ্দিন।