Advertisement

চিকিৎসার জন্য ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন

এশিয়া পোস্ট বিনোদন
চিকিৎসার জন্য ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন

অসুস্থতার সঙ্গে লড়াই করছেন ঢাকাই সিনেমার নন্দিত অভিনেতা ইলিয়াস কাঞ্চন। টানা ১৫ মাস লন্ডনে চিকিৎসা নেওয়ার পরও আশানুরূপ সুস্থতা না আসায় আবারও সেখানে ফিরেছেন তিনি। কয়েক দিনের জন্য গত ৩ আগস্ট দেশে এসেছিলেন এই অভিনেতা। দেশ ও সতীর্থদের প্রতি টান থেকেই তার এই সংক্ষিপ্ত সফর।

Advertisement

বুধবার (১২ আগস্ট) সকাল ১০টার ফ্লাইটে লন্ডনের উদ্দেশে ঢাকা ছাড়েন ইলিয়াস কাঞ্চন। বিষয়টি জানিয়েছেন তার প্রতিষ্ঠিত সংগঠন ‘নিরাপদ সড়ক চাই’ (নিসচা)-এর ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ। দেশে থাকার বেশিরভাগ সময়ই তিনি অভিনেতার পাশে ছিলেন।

লিটন এরশাদ জানান, লন্ডনে যাওয়ার আগে ইলিয়াস কাঞ্চন বারবার সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন। একই সঙ্গে নিরাপদ সড়ক নিশ্চিত করতে সংগঠনের কার্যক্রম চালিয়ে যাওয়ার বিষয়েও নির্দেশনা দিয়েছেন তিনি।

মঙ্গলবার (১১ আগস্ট) রাতেও ইলিয়াস কাঞ্চনের বাসায় ছিলেন লিটন এরশাদ। মধ্যরাতে সেই সময়ের একটি মুহূর্ত ফেসবুকে শেয়ার করে তিনি লেখেন, ‘১২ আগস্ট সকাল ১০টায় ফ্লাইট। গুলশানের বাসা থেকে ভোরেই এয়ারপোর্টের উদ্দেশ্যে বের হবেন সড়কের মহানায়ক। বিদায় জানাতে গেলাম; এই অবস্থায় সংগঠন ও সড়কে শৃঙ্খলা ফেরাতে নানা বিষয় নিয়ে আলাপ করলেন, দিলেন নির্দেশনাও। লিডার, কথা দিলাম আপনার সকল নির্দেশনা মোতাবেকই কাজ হবে।’

পোস্টে ইলিয়াস কাঞ্চনের দ্রুত সুস্থতা কামনা করে লিটন এরশাদ আরও লেখেন, ‘মহান আল্লাহর কাছে প্রার্থনা, সুস্থ হয়ে আপনি দ্রুত ফিরে আসুন। সবাই দোয়া করবেন সড়কের মহানায়কের জন্য।’

উল্লেখ্য, ব্রেন টিউমারে আক্রান্ত ইলিয়াস কাঞ্চন গত বছরের এপ্রিল থেকে লন্ডনে চিকিৎসা নিচ্ছেন। একই বছরের আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। তবে টিউমার পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। পরবর্তী সময়ে জানা যায়, তিনি ব্রেইন ক্যানসারেও আক্রান্ত হয়েছেন। এরপর থেকে কেমোথেরাপি ও ওরাল থেরাপি নিচ্ছেন অভিনেতা। এবার লন্ডনে ফিরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা নেবেন ইলিয়াস কাঞ্চন।

চিকিৎসার জন্য ফের লন্ডনে ইলিয়াস কাঞ্চন