দেশের ইন্ডাস্ট্রি নিয়ে চঞ্চলের মন্তব্য

অভিনেতা চঞ্চল চৌধুরী মনে করেন, বাংলাদেশ এখনও পূর্ণাঙ্গ পেশাদার চলচ্চিত্র ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারেনি। সম্প্রতি কলকাতায় এক আড্ডায় দুই বাংলার চলচ্চিত্র জগতের কাজের পরিবেশ নিয়ে তুলনামূলক আলোচনা করতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
চঞ্চলের মতে, পশ্চিমবঙ্গের চলচ্চিত্র অঙ্গন অনেক বেশি সংগঠিত ও ছকবাঁধা। সেখানে শুটিংয়ের নির্দিষ্ট সময়সীমা, বাজেট ও পরিকল্পনা শুরু থেকেই পরিষ্কারভাবে নির্ধারিত থাকে।
তিনি বলেন, পশ্চিমবঙ্গে কতদিনের মধ্যে শুটিং শেষ হবে বা বাজেট কত—এসব বিষয় আগে থেকেই স্পষ্ট করে দেওয়া হয়। কিন্তু বাংলাদেশে এখনও সেই পেশাদার কাঠামোর ঘাটতি রয়েছে।
তিনি আরও জানান, বাংলাদেশের অনেক নির্মাতাকে একটি ছবির বাজেট জোগাড় করতে বছরের পর বছর অপেক্ষা করতে হয়।
নিজ অভিজ্ঞতার কথা তুলে ধরে চঞ্চল বলেন, তিনি ১ কোটি থেকে ১০ কোটি টাকার বাজেটের ছবিতে কাজ করেছেন। কিন্তু বাজেটের কোনো নির্দিষ্ট সীমা বা কাঠামো না থাকা ইন্ডাস্ট্রির একটি বড় দুর্বলতা বলে মনে করেন তিনি।
তবে দুই বাংলার চলচ্চিত্র জগতের সম্ভাবনার কথাও উল্লেখ করেন এই অভিনেতা। তার মতে, বিশ্বজুড়ে বাংলা ভাষাভাষী দর্শকের সংখ্যা কম নয়। সেই দর্শকদের জন্য দুই বাংলার শিল্পীদের যৌথভাবে আরও বড় ও মানসম্মত কাজ করা উচিত।
পশ্চিমবঙ্গের নির্মাতা ব্রাত্য বসু পরিচালিত ‘শেকড়’ ছবিতে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী। গত বছর শান্তিনিকেতনে ছবিটির শুটিং সম্পন্ন হয়। পাশাপাশি রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প অবলম্বনে নির্মিত একটি ছবিতে অভিনেত্রী পরীমণির সঙ্গেও কাজ করছেন তিনি।