ক্ষুব্ধ সোহেল রানা

চলচ্চিত্র অভিনেতা, পরিচালক ও প্রযোজক মাসুদ পারভেজ ওরফে সোহেল রানা একজন বীর মুক্তিযোদ্ধা। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসের সঙ্গে জড়িয়ে থাকা ‘ওরা ১১ জন’ চলচ্চিত্রের প্রযোজক তিনি।
বয়সের ভারে এখন আর ক্যামেরার সামনে নিয়মিত দেখা যায় না এই কিংবদন্তি অভিনেতাকে। বার্ধক্যের কারণে বেশির ভাগ সময় কাটছে বাসাতেই। তবে চলচ্চিত্রের প্রতি টান, সহকর্মীদের প্রতি আবেগ আর দেশবাসীর প্রতি দায়িত্ববোধ এখনও অনুভব করেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে মাঝে মাঝেই বিভিন্ন ইস্যু নিয়ে নিজের মতামত জানান সোহেল রানা। সেই ধারাবাহিকতায় এবার তিনি কথা বললেন ইফতার এবং স্বাধীনতা দিবস উপলক্ষে। সরকারের পক্ষ থেকে কোনো আমন্ত্রণ না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন এই কিংবদন্তি অভিনেতা। বিএনপি সরকারের শাসনামলে রাষ্ট্রীয় অনুষ্ঠানগুলোতে মুক্তিযোদ্ধা ও জাতীয় পুরস্কার অর্জনকারী শিল্পীদের অবমূল্যায়নের অভিযোগ তুলেছেন তিনি।
শুক্রবার (২৭ মার্চ) নিজের ফেসবুকে দেওয়া এক পোস্টে সোহেল রানা বলেন, চিনতে কি আবারও ভুল করছি?
তিনি পোস্টে উল্লেখ করেন যে, বিগত সরকারের আমলে রোজার সময় ইফতার, স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস—এই তিনটি বিশেষ সময়ে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে মুক্তিযোদ্ধা এবং রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত শিল্পীদের কাছে অন্তত তিন দিন আগেই আমন্ত্রণপত্র পৌঁছে যেত। কিন্তু এবার রোজা এবং স্বাধীনতা দিবস পার হয়ে গেলেও দাওয়াত পাঠানো হয়নি এই অভিনেতাকে।
সোহেল রানা আক্ষেপ করে লেখেন, ইফতার, স্বাধীনতা দিবস দুটোই চলে গেল, কোনো ইনভাইটেশন কার্ড আসলো না। এটা কি ইচ্ছাকৃত না ভুল?
বিষয়টি অভিনেতার কাছে মোটেও সম্মানজনক মনে হয়নি জানিয়ে তিনি আরও বলেন, ইফতার এবং স্বাধীনতা দিবসের প্যারেডে মানুষের কোনো অভাব দেখা যায়নি। কিন্তু প্রকৃত মুক্তিযোদ্ধা ও শিল্পীরা সেখানে নেই।
এই ভিড় দেখে প্রশ্ন তুলে তিনি বলেন, এরা কারা।