logo

‘প্রিন্স’-এর টিকিটের টাকা ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স

‘প্রিন্স’-এর টিকিটের টাকা ফেরত দিচ্ছে স্টার সিনেপ্লেক্স

ঈদের ছুটির আমেজ কাটতে না কাটতেই নগরজীবন ফিরছে ব্যস্ত ছন্দে। এরই মধ্যে বিনোদনের খোঁজে অনেকেই ভিড় করছেন সিনেমা হলে। তবে স্টার সিনেপ্লেক্স-এ গিয়ে হতাশ হচ্ছেন শাকিব খানের ভক্তরা। তার অভিনীত নতুন সিনেমা প্রিন্স আবারও প্রযুক্তিগত জটিলতায় পড়েছে।

ঈদের পঞ্চম দিনে সিনেমাটি প্রদর্শনের সময় একাধিক সমস্যার মুখোমুখি হন দর্শকরা। কখনও সাউন্ড থাকলেও ভিডিও বন্ধ, আবার কখনও ভিডিও চললেও শোনা যাচ্ছে না কোনো শব্দ। মাঝেমধ্যে দৃশ্য আটকে যাওয়া বা হঠাৎ থেমে যাওয়ার ঘটনাও ঘটছে। এসব ত্রুটির কারণে অনেক দর্শক বাধ্য হয়ে সিনেমা শেষ না করেই হল ছাড়ছেন।

দর্শকদের অভিযোগ, সিনেমাটি শুরু ভালো হলেও মাঝপথে হঠাৎ বন্ধ হয়ে যায়। এরপর আবার চালু হলে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাচ্ছে, ফলে গল্পের ধারাবাহিকতা পুরোপুরি নষ্ট হচ্ছে। এমনকি সিনেমা বন্ধ হয়ে পুনরায় চালু হলে দেখা যাচ্ছে সম্পূর্ণ ভিন্ন একটি দৃশ্য চলছে। এশিয়া পোস্টকে এমনটিই জানিয়েছেন অনেক দর্শক। এতে করে তারা বিভ্রান্ত হয়ে পড়ছেন।

এ পরিস্থিতিতে ক্ষুব্ধ দর্শকদের টিকিটের মূল্য ফেরত দিয়েছে সিনেপ্লেক্স কর্তৃপক্ষ। তবে বারবার এমন ঘটনার কারণে সিনেমাটি ঘিরে হতাশা বাড়ছে দর্শকমহলে।

‘প্রিন্স’ সিনেমাটি প্রযোজনা করেছে ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মস, প্রযোজক শিরিন সুলতানা এবং পরিচালনায় রয়েছেন আবু হায়াত মাহমুদ। সিনেমাটিতে শাকিব খানকে দেখা যাচ্ছে নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ, জ্যোতির্ময়ী কুণ্ডু, নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম ও ইন্তেখাব দিনারসহ আরও অনেকে।