‘বনলতা এক্সপ্রেস’-এর পর নতুন সিনেমায় শরীফুল রাজ

ঢাকাই চলচ্চিত্রে নিজের অবস্থান ক্রমেই শক্ত করছেন অভিনেতা শরীফুল রাজ। ‘আইসক্রিম’ দিয়ে বড় পর্দায় যাত্রা শুরু করা এই অভিনেতা চলতি বছর তানিম নূরের ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন। এবার আরও একটি নতুন সিনেমায় যুক্ত হলেন তিনি। ছবিটি নির্মাণ করবেন সৈয়দ শাকিল। এটি হতে যাচ্ছে তার প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র।
মঙ্গলবার (২৭ অক্টোবর) রাতে শরীফুল রাজের সঙ্গে সিনেমাটির চুক্তি স্বাক্ষর করেন নির্মাতা। চুক্তির একটি ছবি প্রকাশের মধ্য দিয়ে নতুন সিনেমার ঘোষণা দেন তিনি। তবে এখনো ছবিটির নাম চূড়ান্ত হয়নি। রাজের সঙ্গে আর কারা অভিনয় করবেন, সে বিষয়েও আপাতত কিছু জানাতে চাননি নির্মাতা। আগামী সপ্তাহে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বিস্তারিত তুলে ধরার কথা রয়েছে।
এর আগে ‘ছায়াবাজি’ ও ‘ইউএনও স্যার’ নামে দুটি ওয়েব ফিল্ম নির্মাণ করেছেন সৈয়দ শাকিল। এবার বড় পর্দার জন্য গল্প নিয়ে আসছেন তিনি। নির্মাতার পরিকল্পনা, এমন একটি সামাজিক গল্প তুলে ধরা, যা পরিবারের সবাই মিলে উপভোগ করতে পারবেন।
সিনেমাটির ভাবনা নিয়ে শাকিল বলেন, ‘একসময় আমাদের দেশে পরিবারের সবাই একসঙ্গে সিনেমা দেখত। যাকে বলা হতো সামাজিক সিনেমা। আমি সে ধরনের ইমোশনাল একটি সামাজিক গল্পের সিনেমা বানাতে চাই, যা দর্শকদের আবেগপ্রবণ করে তুলবে।’
রিভেঞ্জ ফিল্মস লিমিটেডের ব্যানারে নির্মিত হবে সিনেমাটি। প্রযোজনায় রয়েছেন সোহানা সাদী, স্নিগ্ধা সাদী ও সারহান শাহরিয়ার সাদী সীমান্ত। সবকিছু পরিকল্পনামতো এগোলে আগামী ডিসেম্বর অথবা নতুন বছরের জানুয়ারিতে শুরু হতে পারে শুটিং। আর সিনেমাটি মুক্তির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে আসন্ন কোরবানির ঈদ।
এদিকে একই ঈদে শরীফুল রাজ অভিনীত আরও একটি সিনেমা মুক্তির সম্ভাবনা রয়েছে। ‘কালাভুনা প্যারাডক্স’ নামের সিনেমাটি যৌথভাবে পরিচালনা করছেন আয়মান হাসিব স্বাধীন ও সুস্ময় সরকার। মোহাইমিনুল ইসলাম বাপ্পীর লেখা একই নামের উপন্যাস অবলম্বনে নির্মিত হচ্ছে ছবিটি। এতে রাজের সঙ্গে অভিনয় করছেন সাবিলা নূর।