logo

শাকিবের ‘রকস্টার’র ভরাডুবির শঙ্কা

শাকিবের ‘রকস্টার’র ভরাডুবির শঙ্কা
শাকিব খানের রকস্টার লুক

গত ঈদুল ফিতরে অ্যাকশন ঘরানার ছবি ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’র ভরাডুবির পর ঈদুল আজহায় ‘রকস্টার’ হয়ে বড় পর্দায় হাজির হয়েছেন শাকিব খান। কিন্তু ঈদের দিনই সমালোচনার মুখে পড়েছে ‘রকস্টার’। আজমান রুশো পরিচালিত সিনেমাটিতে শাকিবের সহঅভিনেত্রী ৩ জন। তারা হলেন সাবিলা নূর, তানজিয়া মিথিলা ও সুনিধি নায়েক।

সিঙ্গেল ও মাল্টিপ্লেক্স সরেজমিনে দেখা গেছে, টিকিট কেটে দর্শকরা যে উচ্ছ্বাসের সঙ্গে ছবিটি দেখতে প্রেক্ষাগৃহে ঢুকেছেন তার দ্বিগুণ হতাশা নিয়ে বের হয়েছেন হল থেকে।

দর্শকের অভিযোগ, কয়েকটি সিনেমা থেকে গল্প চুরি করে নির্মিত হয়েছে শাকিবের রকস্টার। ঈদের আনন্দটাই মাটি হওয়ার পাশাপাশি টিকিটের অর্থ ফেরত চেয়েছেন অনেকেই।

গত ঈদে শাকিবের প্রিন্সের ব্যর্থতার পর সিনেমার প্রিমিয়ারের পর গণমাধ্যমের সামনে দর্শকের কাছে ক্ষমা চেয়েছিলেন ঢালিউড কিং। তখন সময় কম থাকায় কমপ্লিট সিনেমা উপহার দিতে পারেননি বলে জানিয়েছিলেন নায়ক।

রকস্টার সিনেমা নিয়ে দর্শকরা বলছেন, সিনেমার গল্পটি খুব ধীর গতিতে এগিয়েছে। এছাড়া নায়িকার সঙ্গে শাকিবের প্রেমের সূত্রপাত কীভাবে এমন অনেক কিছুই সিনেমায় দেখানো হয়নি। এখানেই শেষ না সিনেমায় নায়কের অতিমাত্রায় মাদক সেবন নিয়েও অভিযোগ করেছেন তারা।

গত ঈদে আবু হায়াত পরিচালিত ‘প্রিন্স: ওয়ান্স আপন অ্যা টাইম ইন ঢাকা’ প্রদর্শন করে সিনেমা হল মালিকদের মাথায় হাত পড়ে। এবার ঈদে প্রথম দিনেই ‘রকস্টার’র নেতিবাচক দর্শক প্রতিক্রিয়া ছবিটি ব্যর্থতার দিকেই নিয়ে যাবে বলে মনে করছেন চলচ্চিত্র সংশ্লিষ্টরা।