তিন দশক পর ফের কুলির চরিত্রে ওমর সানী

ঢাকাই চলচ্চিত্রের এক সময়ের জনপ্রিয় নায়ক ওমর সানী। তার হিট সিনেমাগুলোর তালিকার শীর্ষে আছে ‘কুলি’ সিনেমাটি। যেটি মুক্তি পায় ১৯৯৭ সালে। প্রায় তিন দশক পর আবারও কুলির চরিত্রে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছেন এই অভিনেতা।
এবার পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রে নয়, একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে কুলির চরিত্রে দেখা যাবে তাকে। সম্প্রতি মহাখালী বাস টার্মিনালে ‘ব্ল্যাক’ নামে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটির দৃশ্যধারণ শুরু হয়েছে। গল্পের বাস্তবতা ফুটিয়ে তুলতে শুটিংয়ের জন্য বেছে নেওয়া হয়েছে রাজধানীর ব্যস্ত এই বাস টার্মিনাল এলাকা।
এ চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে ওমর সানী বলেন, এটি ছোট পরিসরের একটি কাজ হলেও এর ব্যাপ্তি অনেক বড়। এতে আমি একটি ক্যামিও চরিত্রে অভিনয় করছি। আমার অভিনীত সুপারহিট সিনেমা ছিল ‘কুলি’। সেই কুলির চরিত্রকে ঘিরেই এ চলচ্চিত্রের চিত্রনাট্য নির্মিত হয়েছে। প্রায় তিন দশক পর আবার নিজেকে কুলির চরিত্রে আবিষ্কার করেছি। চলচ্চিত্রটি নিয়ে এখনই বিস্তারিত বলতে চাই না। আমি চাই দর্শক পর্দায় দেখেই বিষয়টি উপভোগ করুন।
‘ব্ল্যাক’ পরিচালনা করেছেন মহিন খান। চিত্রনাট্য লিখেছেন বাবলু ফকির।
চলচ্চিত্রটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত হলিউড অভিনেতা সাইফুল ইসলাম। তার বিপরীতে রয়েছেন অভিনেত্রী পূর্ণিমা বৃষ্টি।