শৈশবের ‘চাচ্চু’ শাকিবের সঙ্গে দীঘি

‘চাচ্চু’ সিনেমার ছোট্ট জুঁই চরিত্রে দীঘির কথা মনে আছে সবার। ২০০৬ সালে মুক্তি পাওয়া এফ আই মানিক পরিচালিত সিনেমাটিতে শাকিব খান, অপু বিশ্বাস ও ডিপজলের পাশাপাশি দর্শকের নজর কেড়েছিল চরিত্রটি। আর সেই চরিত্রে অভিনয় করেই ব্যাপক পরিচিতি পেয়েছিলেন প্রার্থনা ফারদিন দীঘি। পর্দায় শাকিবের ভাতিজি হিসেবে দেখা গিয়েছিল তাকে। এবার সেই চাচ্চু শাকিব খানের সঙ্গেই দেখা গেল দীঘিকে, তবে পর্দায় নয়, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে।
১০ অক্টোবর নিউইয়র্কে অনুষ্ঠিত হয়েছে ঢালিউড অ্যাওয়ার্ডস। অনুষ্ঠানটিতে অংশ নিয়েছিলেন শাকিব খান ও দীঘি। সেখানেই দুজনকে একসঙ্গে ক্যামেরাবন্দি হতে দেখা যায়। পরে সেই ছবি তার ভেরিফাইড ফেসবুকে পোস্ট করেন দীঘি।
ছবিতে কালো শার্ট, ব্লেজার ও সানগ্লাসে দেখা গেছে শাকিবকে। অন্যদিকে নীল-সোনালি নকশার পোশাকে নজর কেড়েছেন দীঘি। ছবির ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন একটি শব্দ- ‘মেগাস্টার’। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে জমতে থাকে ভক্তদের প্রতিক্রিয়া। শাকিব-দীঘিকে এক ফ্রেমে দেখে ভক্তদের আগ্রহ যে বেশ, তা সামাজিক যোগাযোগমাধ্যমের প্রতিক্রিয়াতেই স্পষ্ট।
শিশুশিল্পী হিসেবে দীঘির ক্যারিয়ারে ‘চাচ্চু’ একটি উল্লেখযোগ্য সিনেমা। ছোটবেলায় একাধিক জনপ্রিয় চলচ্চিত্রে অভিনয় করে দর্শকের ভালোবাসা পেয়েছেন তিনি। এর মধ্যে বেশ কয়েকটি সিনেমায় তার সহশিল্পী ছিলেন শাকিব খান। ‘চাচ্চু’র বাইরে ‘দাদীমা’, ‘চাচ্চু আমার চাচ্চু’, ‘১ টাকার বউ’ ও ‘তোর কারণে বেঁচে আছি’ সিনেমাতেও একসঙ্গে দেখা গেছে তাদের।