পরী মণির কোলে শিশু, ‘তিন নম্বর জন ডান’ ক্যাপশনে রহস্য

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ছবি প্রকাশ করে নতুন করে আলোচনায় এসেছেন চিত্রনায়িকা পরী মণি। ছবিতে তার কোলে দেখা গেছে এক নবজাতককে। সঙ্গে দেওয়া ছোট্ট একটি ক্যাপশনই তৈরি করেছে নানা প্রশ্ন।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ছবিটি প্রকাশ করেন পরী মণি। ছবির সঙ্গে তিনি লেখেন, ‘তিন নম্বর জন ডান। ✌️আলহামদুলিল্লাহ ❤️’
এরপরই ভক্ত ও অনুসারীদের মধ্যে শুরু হয় শিশুটিকে ঘিরে নানা আলোচনা।
ছবিতে দেখা যায়, গাড়ির ভেতরে বসে আছেন পরী মণি। চোখে রোদ চশমা, পরনে পরিপাটি পোশাক। তার কোলে রয়েছে একটি ছোট শিশু। ছবিটি প্রকাশের পরপরই মন্তব্যের ঘরে ভক্তরা অভিনন্দন জানাতে শুরু করেন। পাশাপাশি শিশুটির পরিচয় নিয়েও জানতে চান অনেকে।
পরীমণির এই পোস্টের পর সামাজিক যোগাযোগমাধ্যমে একটি প্রশ্নই বেশি ঘুরছে—শিশুটি কি তার পরিবারের নতুন সদস্য?
অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে এর আগে মাতৃত্বের অভিজ্ঞতা এসেছে। চিত্রনায়ক শরিফুল রাজের সঙ্গে সম্পর্কের পর তাদের ঘরে জন্ম নেয় ছেলে শাহীম মোহাম্মদ পূণ্য। পরবর্তী সময়ে তাদের বিচ্ছেদ হয়। এরপর ছেলে পুণ্যকে নিজের কাছেই রেখে বড় করছেন পরীমণি।
এরপর একটি কন্যাশিশুকে দত্তক নেন এই অভিনেত্রী। তার নাম রাখা হয় সাফিরা সুলতানা প্রিয়ম। দুই সন্তানকে নিয়ে নিয়মিত সামাজিক যোগাযোগমাধ্যমে নানা মুহূর্তের ছবি ও ভিডিও প্রকাশ করতে দেখা যায় তাকে।
শিশুদের প্রতি নিজের ভালোবাসার কথাও বিভিন্ন সময়ে জানিয়েছেন পরীমণি। একাধিক সন্তানের মা হওয়ার ইচ্ছার কথাও আগে প্রকাশ্যে বলেছেন তিনি। ফলে নতুন ছবিতে তার কোলে নবজাতক দেখার পর ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।
তবে ছবিতে থাকা শিশুটি তার নিজের সন্তান নাকি নতুন করে কাউকে দত্তক নিয়েছেন—এ বিষয়ে এখনো সরাসরি কিছু জানাননি পরীমণি। তার দেওয়া ‘তিন নম্বর জন ডান’ ক্যাপশনটিও বিষয়টিকে আরও রহস্যময় করে তুলেছে।
শিশুটির পরিচয় জানতে যোগাযোগের চেষ্টা করা হলেও এ বিষয়ে কোনো বক্তব্য পাওয়া যায়নি অভিনেত্রীর কাছ থেকে। ফলে ছবিটি প্রকাশের পর তৈরি হওয়া প্রশ্নের উত্তর আপাতত পরীমণির কাছেই রয়ে গেছে।



