জীবনানন্দের শহর কলকাতার উৎসবে লড়বে ‘বনলতা সেন’

কেরালার পর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিল বাংলাদেশের নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের সিনেমা ‘বনলতা সেন’। উৎসবটির ৩২তম আসরের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে ছবিটি। আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবারের আয়োজন।
এর আগে, ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয় ‘বনলতা সেন’। আগামী ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় ওই উৎসবে ছবিটির অংশগ্রহণের খবরের পর এবার কলকাতা থেকেও এলো সুখবর।
কলকাতা উৎসবের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে জায়গা পেয়েছে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। ফলে এবারের আয়োজনে দুটি বাংলাদেশি সিনেমা প্রতিযোগিতার ভিন্ন দুটি বিভাগে লড়বে।
কবির কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে ‘বনলতা সেন’। জীবনানন্দ দাশের জীবনের বড় একটি সময় কেটেছে কলকাতায়। সেই শহরের চলচ্চিত্র উৎসবে ছবিটির প্রদর্শনীকে তাই বিশেষভাবে দেখছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জীবনানন্দ দাশের কবিতা থেকে অনুপ্রাণিত একটি চলচ্চিত্র কলকাতার দর্শকদের সামনে তুলে ধরার সুযোগ পাওয়াটা আমাদের জন্য বিশেষ আনন্দের। জীবনানন্দের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের যে গভীর সম্পর্ক, তাতে এখানে ছবিটি দেখানোর অনুভূতিও আলাদা। আমরা যেভাবে বনলতা সেনকে চলচ্চিত্রের পর্দায় তুলে ধরেছি, কলকাতার বাঙালি দর্শক সেটিকে কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় আছি।’
এবারের কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) প্রতিযোগিতা বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি সিনেমা নির্বাচিত হয়েছে। এশিয়ার স্বতন্ত্র ধারার চলচ্চিত্রকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত করে তোলা এবং সেগুলোকে স্বীকৃতি দেওয়ার লক্ষ্য নিয়ে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য সিনেমা। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের চরিত্রে খায়রুল বাসার এবং মহীন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। এ ছাড়া অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।
রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজকও মাসুদ হাসান উজ্জ্বল। বাংলাদেশ সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অনুদানে নির্মিত সিনেমাটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।
ছবিতে রয়েছে দুটি গান। ‘এখানে কেউ নেই’ গানের কথা, সুর, সংগীতায়োজন ও কণ্ঠ দিয়েছেন বাপ্পা মজুমদার। অন্যদিকে জীবনানন্দ দাশের কবিতা অবলম্বনে তৈরি ‘দুজন’ গানের সুর করেছেন নির্মাতা নিজেই। গানটিতে কণ্ঠ দিয়েছেন দোলা রহমান।
