logo

দুর্গাপূজা কেমন কাটছে মিম, পূজা চেরি ও অপু বিশ্বাসের?

দুর্গাপূজা কেমন কাটছে মিম, পূজা চেরি ও অপু বিশ্বাসের?
দুর্গাপূজায় কাটানো মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন পূজা চেরি, অপু বিশ্বাস ও বিদ্যা সিনহা মিম

বছর ঘুরে আবারও এসেছে দুর্গাপূজা। মণ্ডপে মণ্ডপে দেবী বন্দনা, নতুন পোশাকে সাজগোজ আর উৎসবের আনন্দে মেতেছেন সনাতন ধর্মাবলম্বীরা। এই উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে তারকাদের মধ্যেও। চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও পূজা চেরির সামাজিক মাধ্যমের পোস্টে দেখা মিলেছে পূজার সাজ ও উদযাপনের মুহূর্ত। অন্যদিকে, এবারের পূজায় ঢাকাতেই থাকার পরিকল্পনা করেছেন অপু বিশ্বাস। তারকাদের পূজা উদযাপনের খবর জানতে চোখ রাখা হয়েছিল তাদের সামাজিক যোগাযোগমাধ্যমের পাতায়।

লাল শাড়িতে মিমের পূজার সাজ

উৎসব উদ্‌যাপনে বরাবরই আগ্রহী চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম। ভ্রমণ কিংবা বিভিন্ন উৎসবের মুহূর্ত ভক্তদের সঙ্গে ভাগ করে নিতে দেখা যায় তাকে। ধর্মীয় সম্প্রীতির প্রতিও তার শ্রদ্ধার প্রকাশ রয়েছে বিভিন্ন আয়োজনে।

এবার দুর্গাপূজায় লাল পাড়ের শাড়িতে ঐতিহ্যবাহী সাজে ধরা দিয়েছেন মিম। মণ্ডপে গিয়ে তোলা বেশকিছু মুহূর্ত সামাজিক মাধ্যমে শেয়ার করেছেন এই অভিনেত্রী। তার সাজে ফুটে উঠেছে পূজার চেনা বাঙালিয়ানা। ছবিগুলোতে ভক্তদের সামনে ধরা দিয়েছে উৎসবের আমেজে মেতে ওঠা মিমের অন্য এক রূপ।

পূজার শুভেচ্ছায় নারীর সাহসের কথা বললেন পূজা চেরি

দুর্গাপূজা মানেই মণ্ডপে মণ্ডপে ঘুরে প্রতিমা দর্শন আর উৎসবের নানা মুহূর্ত উপভোগ করা। এবারের পূজায় সেই আমেজেই দেখা গেছে চিত্রনায়িকা পূজা চেরিকে। প্রতিমার সামনে তোলা কয়েকটি ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করেছেন তিনি।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় শুধু পূজার শুভেচ্ছা নয়, তুলে ধরেছেন নারীর সাহস ও ঘুরে দাঁড়ানোর কথাও। পূজা লিখেছেন, ‘দেবী শুধু প্রতিমায় নন, প্রতিটি নারীর সাহসে, প্রতিটি প্রতিবাদে, প্রতিটি নতুন করে উঠে দাঁড়ানোর গল্পে! আলোয় সাজুক শহর, ফুলে সাজুক পথ, আর মায়ের আশীর্বাদে শান্তি খুঁজে পাক প্রতিটি ক্লান্ত হৃদয়! শুভ সপ্তমী।’

তার এই বার্তায় দেবী দুর্গার শক্তি ও নারীর আত্মবিশ্বাসের বিষয়টি উঠে এসেছে।

পূজার ছুটিতে ঢাকাতেই থাকছেন অপু বিশ্বাস

একসময় দুর্গাপূজার আনন্দে মেতে উঠতেন চিত্রনায়িকা অপু বিশ্বাসও। তবে মাকে হারানোর পর থেকে উৎসবের দিনগুলো তার কাছে আগের মতো আনন্দের নয়। মায়ের অনুপস্থিতি পূজার আনন্দে কিছুটা হলেও প্রভাব ফেলেছে বলে ধারণা করা যায়।

সম্প্রতি অপু জানিয়েছেন, এবারের পূজার ছুটিতে ঢাকাতেই থাকছেন তিনি। বিশেষ কোনো আয়োজনের পরিকল্পনা না থাকলেও উৎসব ঘিরে তার প্রত্যাশা, সবার জীবনে আনন্দ বয়ে আনুক দুর্গাপূজা। উৎসবের দিনগুলো কাটুক ভালোবাসা ও সম্প্রীতিতে।

এদিকে, অপুর ফেসবুক পেজে ঐতিহ্যবাহী সাজে নতুন একটি ফটোশুটের ছবি দেখা গেছে। তবে এখন পর্যন্ত মণ্ডপে গিয়ে পূজা উদ্‌যাপনের কোনো মুহূর্ত তিনি প্রকাশ করেননি।

দুর্গাপূজার উৎসব চলবে আরও কয়েক দিন। এরই মধ্যে সামাজিকমাধ্যমে নিজেদের উদ্‌যাপনের ঝলক ভাগ করে নিয়েছেন মিম ও পূজা চেরি। অন্য তারকারাও পূজার বাকি দিনগুলোতে ভক্তদের সঙ্গে উৎসবের আনন্দ ভাগ করে নেন কি না, এখন সেটিই দেখার অপেক্ষা।