অবশেষে ঈদের চতুর্থ দিন সিনেপ্লেক্সে শো পেল ‘প্রিন্স’

ডিসিপি জটিলতার কারণে দীর্ঘ অপেক্ষার পর অবশেষে প্রিন্স সিনেমাটি জায়গা পেল স্টার সিনেপ্লেক্সে। ঈদের চতুর্থ দিন মঙ্গলবার থেকে সিনেপ্লেক্সে প্রদর্শন শুরু হয়েছে বহুল আলোচিত এই সিনেমার।
সিনেপ্লেক্স কর্তৃপক্ষ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে ‘প্রিন্স’-এর পোস্টার প্রকাশ করে বিষয়টি নিশ্চিত করেছে। পোস্টারে লেখা হয়েছে—‘প্রিন্স’ এখন চলছে বড় পর্দায়; অ্যাকশন, ড্রামা আর এন্টারটেইনমেন্টে ভরপুর এক অভিজ্ঞতা। দর্শকদের উদ্দেশে আহ্বান জানানো হয়, নিকটস্থ যে কোনো শাখার টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে আজই দেখে ফেলতে।
প্রযোজনা সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেল ৫টা ২০ মিনিটে বসুন্ধরা সিটি শাখায় সিনেমাটির প্রথম শো নির্ধারণ করা হয়। তবে টিকিট অনলাইনে ছাড়ার সঙ্গে সঙ্গেই তা ‘সোল্ড আউট’ হয়ে যায়। দর্শকদের চাহিদা বিবেচনায় রাত ৮টা ৩০ মিনিটে আরও একটি শো যুক্ত করা হয়েছে।
সিনেমাটির পরিচালক আবু হায়াত মাহমুদ বলেন, ‘ডিসিপি জটিলতা না থাকলে শুরু থেকেই ‘প্রিন্স’ সর্বাধিক শো নিয়ে চলত। আশা করছি খুব দ্রুতই সিনেপ্লেক্সের সব শাখায় অন্যান্য সিনেমার মতো নিয়মিত ও বেশি শো পাবে ছবিটি।’
ঈদের দিন মুক্তি পেলেও একাধিকবার ডিসিপি জটিলতার কারণে সিনেপ্লেক্সে প্রদর্শন সম্ভব হয়নি ‘প্রিন্স’। এতে হতাশ হন শাকিব খান-এর ভক্তরা, অনেকেই টিকিট না পেয়ে ফিরে যান।
তবে সিঙ্গেল স্ক্রিনসহ দেশের শতাধিক হলে মুক্তির পর থেকেই সিনেমাটি দর্শকপ্রিয়তা পায়। সিনেপ্লেক্স ছাড়া অন্যান্য মাল্টিপ্লেক্সগুলোতে বেশ ভালো সাড়া ফেলেছে ‘প্রিন্স’। অবশেষে স্টার সিনেপ্লেক্সে প্রদর্শনের মধ্য দিয়ে ছবিটি আরও বড় দর্শকগোষ্ঠীর কাছে পৌঁছানোর সুযোগ পেল।
ক্রিয়েটিভ ল্যান্ড ফিল্মসের ব্যানারে নির্মিত এই সিনেমাটি প্রযোজনা করেছেন শিরিন সুলতানা। প্রযোজনায় সহযোগিতা করেছে চীনের একটি প্রতিষ্ঠানও।
‘প্রিন্স’-এ প্রথমবারের মতো নব্বইয়ের দশকের গ্যাংস্টার চরিত্রে দেখা যাবে শাকিব খানকে। তার সঙ্গে অভিনয় করেছেন তাসনিয়া ফারিণ ও টলিউড অভিনেত্রী জ্যোতির্ময়ী কুণ্ডু। এ ছাড়া আরও রয়েছেন নাসির উদ্দিন খান, এজাজুল ইসলাম এবং ইন্তেখাব দিনার।
সব জটিলতা কাটিয়ে অবশেষে সিনেপ্লেক্সে ‘প্রিন্স’-এর প্রদর্শন শুরু হওয়ায় দর্শকদের মধ্যে নতুন করে উচ্ছ্বাস তৈরি হয়েছে। এখন দেখার বিষয়, আগামী দিনগুলোতে সিনেমাটি কতটা দর্শক টানতে পারে।