প্রেম করছেন বাঁধন

অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কাজের পাশাপাশি ব্যক্তিজীবন নিয়েও থাকেন আলোচনায়। এ ছাড়া নানা সময় সমাজের বিভিন্ন আলোচিত বিষয়ে নিজের মতামত দিয়ে হন খবরের শিরোনাম। এবার আরও একবার আলোচনায় এলেন তিনি। জানালেন, ব্যক্তিজীবনে এখন আর একা নন তিনি—করছেন প্রেম। তবে কে সেই ব্যক্তি, নাম প্রকাশ করেননি এই নায়িকা।
ব্যক্তিজীবন নিয়ে বাঁধন বরাবরই খোলামেলা আলোচনা করতে পছন্দ করেন। তিনি মনে করেন, যতটুকু গোপন রাখা দরকার, তার বাইরে সবকিছুই দর্শকের জানার অধিকার রয়েছে। তাই তো সম্প্রতি বাঁধন একটি পডকাস্টে গিয়ে জানালেন, এখন আর একা নেই তিনি, জীবনে প্রবেশ ঘটেছে নতুন মানুষের। উপস্থাপকের প্রশ্নের উত্তরে বাঁধন বলেন, ‘আমি প্রেম করছি। তবে কার সঙ্গে করছি, সেটি এখনই বলতে পারছি না—নিষেধ আছে। না হলে, সবই বলে দিতে পারতাম। কারণ, আমি ব্যক্তিজীবন নিয়ে লুকোচুরি করতে পছন্দ করি না।’
এরপর নিজের কাজ নিয়ে বাঁধন জানান, অভিনয়ে তিনি আরও বেশি মনোযোগী হতে চান। সামনে পর্দায় নিজেকে আরও ভাঙতে চান। চরিত্রনির্ভর কাজগুলোতে অভিনয়ের সুযোগ এলে নিজের সর্বোচ্চটা দিতে চান এই অভিনেত্রী।
আজমেরী হক বাঁধন বর্তমানে ব্যস্ত আছেন নতুন একটি সিনেমা নিয়ে। পরিচালক তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’ সিনেমায় তাকে দেখা যাবে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে। এর চিত্রনাট্য লিখেছেন সায়মুল ও স্বাধীন। এ ছাড়া তার অভিনীত রেজওয়ান শাহরিয়ার পরিচালিত ‘মাস্টার’ সিনেমাটি রটারডাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে যাচ্ছে। সেখানে সিনেমাটি আগামী ২, ৪ ও ৭ ফেব্রুয়ারি প্রদর্শিত হবে।