logo

কাল থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা

কাল থেকে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা
প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে যেসব সিনেমা। ছবি: সংগৃহীত

আর মাত্র কয়েক ঘণ্টা। সিনেপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে প্রতিবছরের মতো এবারের ঈদেও নতুন সিনেমা নিয়ে প্রেক্ষাগৃহে ঝড় তুলতে হাজির হচ্ছেন ঢালিউড তারকারা। নির্মাতারাও দর্শক চাহিদা অনুযায়ী ভিন্ন ভিন্ন আঙ্গিকের গল্প উপহার দিতে চলেছেন। আসন্ন ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা এসব সিনেমা নিয়েই আমাদের এই আয়োজন।

‘রকস্টার’ সিনেমার পোস্টারে শাকিব খান
‘রকস্টার’ সিনেমার পোস্টারে শাকিব খান

ঈদ মানেই যেন মেগাস্টার শাকিব খানের রাজত্ব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। আসন্ন ঈদে ‘রকস্টার’ নিয়ে হাজির হতে চলেছেন তিনি। সিনেমায় তিন নায়িকা অর্থাৎ সাবিলা নূর, তানজিয়া জামান মিথিলা ও সুনিধি নায়েকের সঙ্গে দর্শক মাতাতে দেখা যাবে শাকিবকে। এতে উঠে আসবে, এক রকস্টারের ব্যক্তিগত জীবনের নানা উত্থান-পতনের গল্প। তারকাখচিত কাস্ট ও সিনেমার মিউজিক্যাল টিজার ইতিমধ্যেই দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। এখন দেখার বিষয় প্রেক্ষাগৃহে সিনেমাটি কেমন দর্শক ধরে রাখতে পারে।

মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার পোস্টার।
মেজবাউর রহমান সুমন পরিচালিত ‘রইদ’ সিনেমার পোস্টার।

এবার ঈদের সিনেমার অন্যতম আকর্ষণ গুণী নির্মাতা মেজবাউর রহমান সুমনের ‘রইদ’। পোস্টার, ট্রেলার ও গান প্রকাশের পর ইতোমধ্যেই সিনেমাটি দেশের দর্শকদের আগ্রহ তৈরি করেছে। এতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন নাজিফা তুষি ও মোস্তাফিজুর নূর ইমরান। এ ছাড়া গুরুত্বপূর্ণ চরিত্রে আছেন গাজী রাকায়েত, আহসাবুল ইয়ামিন রিয়াদসহ আরও অনেকে।

আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত 'মালিক' সিনেমার পোস্টার।
আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মীম অভিনীত 'মালিক' সিনেমার পোস্টার।

এবারের ঈদুল আজহায় মুক্তির মিছিলে আছে আরিফিন শুভ ও বিদ্যা সিনহা মিম অভিনীত অ্যাকশনধর্মী সিনেমা ‘মালিক’। গল্পে দেখা যাবে, মায়ের সম্মান ও অধিকার আদায়ের জন্য প্রতিশোধের পথ বেছে নেওয়া এক তরুণ কীভাবে সময়ের পরিক্রমায় অপরাধ জগতের অন্যতম প্রভাবশালী ব্যক্তিতে পরিণত হয়। ছবিতে মিমকেও দেখা যাবে একেবারে ভিন্ন রূপে মারকাটারি চরিত্রে।

ঈদে আসছে বুবলীর ‘পিনিক’।
ঈদে আসছে বুবলীর ‘পিনিক’।

সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে ঈদুল আজহায় মুক্তি পেতে যাচ্ছে চিত্রনায়িকা শবনম বুবলী ও আদর আজাদ অভিনীত সিনেমা ‘পিনিক’। চলতি বছর ঈদুল ফিতরে সিনেমাটি আসার কথা থাকলেও বিভিন্ন বাঁধার সম্মুখীন হয়। যার কারণে এই ঈদেই মুক্তির আনুষ্ঠানিক ঘোষণা দেন সিনে-সংশ্লিষ্টরা। সিনেমাটি পরিচালনা করেছেন জাহিদ জুয়েল।

ঈদে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘বনলতা সেন’।
ঈদে মুক্তি পাচ্ছে চলচ্চিত্র ‘বনলতা সেন’।

মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাগুলোর মধ্যে দর্শকদের আগ্রহের তুঙ্গে রয়েছে ‘বনলতা সেন’। এটি নির্মান করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। জীবনানন্দ দাশের বিখ্যাত কবিতার নাম অবলম্বনে নির্মিত এই সিনেমায় অভিনয় করেছেন, খায়রুল বাশার, মাসুমা রহমান নাবিলাসহ আরও অনেকে।

ঈদে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনার বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’।
ঈদে মুক্তি পাচ্ছে জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্মের যৌথ প্রযোজনার বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’।

অন্যদিকে নানা বিতর্কের পর অবশেষে মুক্তি পেতে চলেছে বহুল আলোচিত সিনেমা ‘মাসুদ রানা’। থ্রিলার, অ্যাকশন ও রোমাঞ্চে ভরপুর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন পূজা চেরী, রাসেল রানা ও ও সৈয়দা তিথি। জাজ মাল্টিমিডিয়া ও ইমপ্রেস টেলিফিল্ম যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন সৈকত নাসির। এছাড়া মুক্তির তালিকায় আরও আছে ডি এ তায়েব ও মাহিয়া মাহির ‘অফিসার’, ইয়ামিন হক ববি ও মুন্না খানের ‘তছনছ’ এবং ‘দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল’ সিনেমাটি।